বুড়িগঙ্গা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
বুড়িগঙ্গা নদী ও তীরের জায়গা দখল করে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে। কামরাঙ্গীরচর থানার সাইনবোর্ড এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন।মোহাম্মদ আল-আমীন জানান, ঢাকা ও এর আশপাশের চারটি নদী অর্থাত্ বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগের উভয় তীরে চার হাজার ২১টি অবৈধ স্থাপনার তালিকা করা হয়েছে। সেই তালিকা ধরেই উচ্ছেদ অভিযানটি চালানো হচ্ছে।ঢাকা জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, আজকের পর পর্যায়ক্রমে বুড়িগঙ্গাতীরের লালবাগ, ওয়াসপুর, হাসনাবাদ, নবাবগঞ্জ, হাজারীবাগসহ অন্য এলাকাগুলোর অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।বুড়িগঙ্গা ছাড়াও ঢাকা জেলা প্রশাসনের তালিকার ভিত্তিতে তুরাগ, শীতলক্ষ্যা, বালু ও ধলেশ্বরী নদীর কিছু অংশের উভয় তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালানো হবে। আগামী নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে বলে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে।ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ গত বছরের ৩ জুন টঙ্গী ও মিরপুরে তুরাগ এবং নারায়ণগঞ্জ সদর ও কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালায়। সে সময় তুরাগতীরের ১২৩টি ও শীতলক্ষ্যাতীরের ১২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে নদীর দখল হওয়া সব জায়গা উদ্ধার না করেই সে অভিযান শেষ হয়। উচ্ছেদ অভিযানের পর যেসব জায়গা উদ্ধার করা হয়েছিল, সেগুলোরও অনেক অংশে আবার স্থাপনা গড়ে ওঠে।