বুড়িগঙ্গা প্রথম সেতুতে অবরোধ, টোলঘরে আগুন
বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে সেতুর ওপর অবরোধ সৃষ্টি করে স্থানীয় লোকজন। তারা একপর্যায়ে সেতুর দুই পাশের টোলঘর দুটি জ্বালিয়ে দেয়। এর ফলে আজ সকাল সাড়ে নয়টা থেকে দেড় ঘণ্টা ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।সেতুর ইজারাদার মো. সালেহ আহমদ চৌধুরী অভিযোগ, গতকাল বুধবার রাতে ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদের একটি গাড়ি ঢাকায় যাওয়ার সময় টোল চাইলে গাড়িতে থাকা লোকজনের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে আজ সকালে কেরানীগঞ্জ থেকে কয়েক শ লোকজন এসে সেতুতে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে তারা টোলঘর দুটি জ্বালিয়ে দেয়। ইজারাদারের দাবি, এ সময় টোলঘর থেকে ছয় থেকে সাত লাখ টাকা লুট করা হয়।অন্যদিকে সাংসদের একান্ত সচিব মো. মোজাহিদুল ইসলামের দাবি, গতকাল ওই রাস্তায় তাঁদের কোনো গাড়ি চলেনি। তিনি দাবি করেন, সিএনজিচালিত অটোরিকশার টোল বাড়ানোতে অটোচালকেরা ক্ষুব্ধ ছিল। তারাই এ হামলা চালিয়েছে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কুতুবুর রহমান চৌধুরী বলেন, টোলঘরের সঙ্গে গাড়িচালকদের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।স্থানীয় লোকজন অবরোধ করার একপর্যায়ে টোলঘরের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।