বুড়িগঙ্গা বাঁচাতে ৯৪৪ কোটি টাকার ‘অবাস্তব’ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্পের নাম ‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নতুন ধলেশ্বরী-পুংলী-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম)’। লক্ষ্য—২২৬ কিলোমিটার নৌপথ খনন করে যমুনা থেকে পানি এনে দূষণ-দখলে মৃতপ্রায় বুড়িগঙ্গাকে বাঁচানো।প্রকল্পটি প্রায় এক দশক আগের। ২০০৮ সালেও একবার এটি বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখা হয়। কিন্তু কাজ এগোয়নি। তবে এবার বাস্তবায়ন শুরুই করে দেওয়া হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৯৪৪ কোটি টাকার বেশি। ইতিমধ্যে প্রকল্পের অধীন টাঙ্গাইলের পুংলী নদীর প্রায় ৪১ কিলোমিটার খননের জন্য কার্যাদেশও দেওয়া হয়েছে। অবশ্য খননের কার্যাদেশ ত্রুটিপূর্ণ বলে অভিযোগ আছে।সরকারি-বেসরকারি বিশেষজ্ঞরা প্রথম আলোকে বলেছেন, সরকারও জানে যে প্রকল্পটি বাস্তবায়নযোগ্য নয়। কারণ, বঙ্গবন্ধু যমুনা সেতুসংলগ্ন ধলেশ্বরী নদীর উৎসমুখ থেকে শুরু করে যে পথে ২২৬ কিলোমিটার খনন করে বুড়িগঙ্গায় আসতে হবে, সে পথে এখন অসংখ্য গ্রাম, কয়েকটি শহর, প্রচুর স্থায়ী হাট-বাজার গড়ে উঠেছে। কোথাও কোথাও নদীর চিহ্নমাত্রও অবশিষ্ট নেই।বিশেষজ্ঞরা জানান, নদী খননের জন্য সরকারকে ৬৭৪ হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে। এর যেকোনো পর্যায়ে মামলা হওয়া অবধারিত। এ ছাড়া যে পদ্ধতিতে পুংলী নদীর ৪১ কিলোমিটার খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কোনোভাবেই টেকসই হবে না। প্রকল্পের স্টিয়ারিং কমিটিরও একই পর্যবেক্ষণ। এ অবস্থায় এ ‘অবাস্তব প্রকল্পে’র একমাত্র পরিণতি হবে জনগণের করের টাকার নিষ্ফল খরচ।প্রকল্পটি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, তত্ত্বগতভাবে সম্ভব হলেও এ প্রকল্পের বাস্তবায়ন অত্যন্ত কঠিন হবে। তবে কাজটি সফলভাবে করতে পারলে ভালো হবে। নদীগুলো পুনরুদ্ধার হবে। পানি বিশেষজ্ঞ ম. ইনামুল হক বলেন, প্রকল্পটি বাস্তবসম্মত নয়। কারণ, কোনো বড় নদী থেকে ছোট নদীতে পানিপ্রবাহ করানোর জন্য ব্যারাজ নির্মাণ করতে হয়। না হলে খনন করা নদী আবার ভরে যাবে। আর পুংলী নদীতে প্রচুর পলি জমে। বর্ষাকালে পানি থাকলেও শীতকালে শুকিয়ে যায়। তাই নদী খনন করলেও পরবর্তী বছর আবার পলি জমে ভরাট হয়ে যাবে। খনন করে কোনো লাভ হবে না। এটি হবে একটি অপচয়মূলক প্রকল্প। এতে কেবল টাকাই খরচ হবে। কাজের কাজ কিছুই হবে না।পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা মহানগরের চারপাশে বহমান নদীগুলোতে বিশুদ্ধ পানিপ্রবাহ অব্যাহত রেখে পরিবেশ উন্নত করা, অবৈধ স্থাপনা অপসারণ, নদীর নাব্যতা ফিরিয়ে এনে নৌ চলাচল অব্যাহত রাখা এবং নদীগুলোকে স্ব-প্রশস্ততায় প্রবাহে ফিরিয়ে আনার লক্ষ্যে ২০১০ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের ডিসেম্বর মেয়াদে এ প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড।প্রকল্পের আওতায় ৬৩ দশমিক ৫০ কিলোমিটার নদী এস্কাভেটর (মাটি খননযন্ত্র) দিয়ে এবং ১৬২ দশমিক ৫০ কিলোমিটার নদী ড্রেজার (নদী খননযন্ত্র) দিয়ে খনন করা হবে। এ জন্য চলতি অর্থবছরে প্রকল্পের অনুকূলে ৭০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তিন বছরের মধ্যে প্রকল্প শেষ করার কথা থাকলেও তার প্রায় দুই বছর চলে গেছে। প্রায় হাজার কোটি টাকার এ প্রকল্পে এ বছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৭০ কোটি টাকা। এতেই বোঝা যায়, প্রকল্পের হাল কী হতে পারে।গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় বলা হয়, আগে সীমানা চিহ্নিত করে নদী খনন করতে হবে। না হলে পরে স্থানীয় জনগণের সঙ্গে সীমানা নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে, যা প্রকল্পের কাজে ব্যাঘাত সৃষ্টি করবে। এ জন্য জেলা প্রশাসনের মাধ্যমে সীমানা চিহ্নিত করতে বলা হয়। এ কাজটিও অনেক সময়সাপেক্ষ ও ব্যয়নির্ভর।ত্রুটিপূর্ণ কার্যাদেশ: পুংলী নদীর ৪১ কিলোমিটার যে পদ্ধতিতে খননের কার্যাদেশ দেওয়া হয়েছে, প্রকল্পের স্টিয়ারিং কমিটিও তা ত্রুটিপূর্ণ বলে মনে করছে। পানিসম্পদসচিব শেখ আলতাফ আলীর নেতৃত্বাধীন স্টিয়ারিং কমিটির গত ৩০ অক্টোবরের সভায় বলা হয়, ১০টি দরপত্র প্যাকেজে নদীটির প্রায় ৪১ কিলোমিটার খননের জন্য দেওয়া কার্যাদেশ অনুযায়ী খনন করা হলে সামান্য কিছু দৈর্ঘ্যের মধ্যে মোট চারটি স্থান খননের বাইরে (গ্যাপ) থেকে যাবে। এভাবে করা খননকাজ টেকসই হবে না।আবার ফাঁকা স্থানগুলোও একই সঙ্গে খননের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করাও সময়সাপেক্ষ। এদিকে কাজের উপযুক্ত সময় শুষ্ক মৌসুম এসে গেছে। চলতি নভেম্বর মাসে কাজ শুরু করা না হলে এ বছর আর কাজ এগোবে না।জানতে চাইলে পানিসম্পদসচিব শেখ আলতাফ আলী বলেন, ফাঁকা স্থানগুলো পূরণ করে ধারাবাহিকভাবে কাজ করার ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।এ বিষয়ে প্রকল্পের পরিচালক ও পাউবোর কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী সুনীল বরণ দেবরায় প্রথম আলোকে বলেন, পুংলী নদীর খননকাজ ১৫টি প্যাকেজের মাধ্যমে করার কথা। কিন্তু দরপত্রের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠান পাওয়া যায় ১০টির জন্য। তবে এখন ধারাবাহিকতা রক্ষার জন্য কাজের স্থান পরিবর্তন করা হচ্ছে। এ-সংক্রান্ত প্রস্তাব শিগগিরই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে। এতে ঠিকাদারদের বাড়তি টাকা দিতে হবে না।প্রকল্পের অগ্রগতি: প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছরের ডিসেম্বরে। কিন্তু এখন পর্যন্ত কাজ হয়েছে সামান্যই। গত ৩০ অক্টোবর পর্যন্ত প্রকল্পভুক্ত ঢাকার তুরাগ নদের ২৩ কিলোমিটারের মধ্যে প্রায় সাত কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। আর টাকা খরচ হয়েছে প্রায় ২১ কোটি। পুংলী নদীর খননকাজের জন্য ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি ৫২ লাখ টাকা। অথচ চলতি অর্থবছরে এ কাজে বরাদ্দ আছে ৭০ কোটি টাকা। প্রকল্পের ধীরগতির বিষয়ে জানতে চাইলে পানিসম্পদসচিব বলেন, প্রথম দিকে বরাদ্দ কম হওয়ার কারণে কাজ কম হয়েছে। ভবিষ্যতে বরাদ্দ বাড়িয়ে কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হবে।সরকারি-বেসরকারি অন্য সূত্রগুলো বলছে, অবাস্তব প্রকল্পগুলোতে এভাবেই টাকার অপচয় হয়। যেনতেনভাবে কিছু টাকা ব্যয় করা হয়। এতে কোনো ফল হয় না। কিন্তু বছরের পর বছর প্রকল্প চলতে থাকে।