ঢাকার কেরানীগঞ্জে একটি রাসায়নিক কারখানাকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে আজ শুক্রবার কয়েক হাজার নারী-পুরুষ বুড়িগঙ্গা প্রথম সেতু অবরোধ করে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা লবণবাহী একটি কার্গোতে আগুন ধরিয়ে দেয়।জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে ইকুরিয়া, বেয়াড়া, দোলেশ্বর, হাসনাবাদ, পানগাঁও, আইন্তা মোকামপাড়াসহ কয়েক গ্রামের মানুষ হাসনাবাদ কন্টিনেন্টাল রোডের গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড নামে রাসায়নিক কারখানাটি সরিয়ে নেওয়ার দাবিতে বুড়িগঙ্গা প্রথম সেতুতে মানববন্ধন করে।মানববন্ধনে আরও অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্র-শিক্ষক, ইউপি সদস্য, সমাজসেবক ও ব্যবসায়ীরা।একপর্যায়ে মানববন্ধনে অংশ নেওয়া লোকজন ক্ষুব্ধ হয়ে সেতু অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় প্রায় আধঘণ্টা সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। মিছিলটি কারখানার সামনে পৌঁছালে উত্তেজিত অনেকেই কারখানাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। পুলিশের প্রতিরোধের মুখে তারা সেখান থেকে সরে গিয়ে বুড়িগঙ্গা নদীতে নোঙর করা গ্লোবাল হেভি কেমিক্যাল কারাখানায় লবণ সরবরাহকারী একটি কার্গোতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে কার্গোটির ইঞ্জিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের চার সদস্যসহ ১০ জন আহত হয়েছে।বেলা সাড়ে ১১টার দিকে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর কারখানার সহকারী পরিকল্পনা ব্যবস্থাপক মিলন হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন এই জায়গায় কারখানা স্থাপন করি, তখন আবাসিক এলাকা ছিল না। তা ছাড়া আমাদের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ সব বৈধতা আছে। আমরা স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’ক্ষতিগ্রস্ত কার্গো এমভি ব্লু আইল্যান্ডের মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, আগুনে কার্গোটির পাঁচটি ইঞ্জিনের তিনটি বিকল হয়ে পড়েছে। এ ছাড়া কার্গোতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।মানববন্ধনে অংশ নেওয়া এস এম রহমত উল্লাহ জানান, গত এক বছরে কারখানাটিতে কয়েকবার রাসায়নিক বিস্ফোরণ ঘটেছে। এতে শত শত লোক আহত হয়েছে। তা ছাড়া কারখানার নির্গত গ্যাস ছড়িয়ে পড়ায় আশপাশের পরিবেশ নষ্ট হয়ে গাছপালা এমনকি গবাদিপশু মরে যাচ্ছে। কারখানা-সংলগ্ন স্কুলগুলোতে গ্যাসের তীব্রতায় ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারে না। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাংসদ নসরুল হামিদ জানান, ‘আবাসিক এলাকা থেকে রাসায়নিক কারখানা সরিয়ে নেওয়ার দাবির সঙ্গে আমি একমত। তবে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সবার আগে আমাদের জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে।’দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (প্রশাসন) সাখাওয়াত হোসেন জানান, ক্ষুব্ধ লোকজনকে সামাল দিতে পুলিশের চার সদস্য সামান্য আহত হয়েছে।