বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত করতে ক্ষমতাসীন দলের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত করার দাবিতে সেতু অবরোধ করে বিক্ষোভ করেছেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে সেতু দিয়ে যানবাহন চলতে দেওয়া হয়নি। এতে সেতুর দুই প্রান্তে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেন।স্থানীয় সূত্র জানায়, সেতু দিয়ে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যানসহ তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান টোলমুক্ত করতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলেন স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন কিছু যানবাহন শ্রমিকও। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় কেরানীগঞ্জ থেকে বিক্ষোভ মিছিল করে সেতুর ওপর যান তাঁরা।স্থানীয় সূত্র জানায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদ আলমের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতা-কর্মীরা ‘দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত সংগ্রাম পরিষদের’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করেন। তাঁরা সকাল থেকেই সেতুর দক্ষিণ প্রান্তে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় ঢাকা-মাওয়া ও ঢাকা-নবাবগঞ্জ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত কর্মজীবী মানুষকে দুর্ভোগে পড়তে হয়। কেরানীগঞ্জের আগানগর ও কদমতলী এলাকার সব মার্কেট ও দোকানও বন্ধ হয়ে যায়।দুপুর সাড়ে ১২টার দিকে সেতু পার হওয়ার সময় বিক্ষোভকারীরা প্রথম আলোর রক্ষণাবেক্ষণ কর্মকর্তা উৎপল চক্রবর্তীর মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৩৫-১৭৩৮) জ্বালিয়ে দেন। কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বিক্ষোভে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহমুদ আলম জানান, অটোরিকশাসহ তিন চাকার গাড়ি টোলমুক্ত করার দাবিতে তাঁরা অবরোধ কর্মসূচি পালন করেন। তিনি জানান, উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন, স্থানীয় সাংসদের সঙ্গে যোগাযোগমন্ত্রীর কথা হয়েছে। টোল আদায় বন্ধ করার বিষয়টি তিনি বিবেচনার আশ্বাস দিয়েছেন। এ কারণে অবরোধ তুলে নেওয়া হয়েছে। দুপুর একটার পর থেকে ওই সড়কে আবার যান চলাচল শুরু হয়।সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁদের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, টোলমুক্তির দাবিতে স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টা সেতু অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একটি মোটরসাইকেল পোড়ানো ছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।