বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে মানববন্ধন
বুড়িগঙ্গা নদীর দখল-দূষণের প্রতিবাদে আজ শনিবার সকাল ১০টায় বুড়িগঙ্গার দ্বিতীয় সেতুর ওপর মানববন্ধন করেছে পুরাতন ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহায়তায় আয়োজিত এই কর্মসূচি থেকে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করাসহ ১১ দফা দাবি জানানো হয়।মানববন্ধনে বলা হয়, বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বুড়িগঙ্গা রক্ষায় অনেক কথা বলা হয়েছে। বিভিন্ন টাস্কফোর্স গঠন, দখলদার উচ্ছেদ, মাঝে মাঝে দূষণ রোধে কিছু পদক্ষেপ গ্রহণ ও সুপারিশ প্রণয়নসহ অনেক কিছুই করা হয়েছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই আবার এই নদী বেদখল ও দূষিত হয়েছে। বর্তমান সরকার নদী রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও এর সঠিক প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। তাই নদীর দখলদারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও সঠিকভাবে নদীর সীমানা নির্ধারণ করার দাবি জানানো হয়। মানববন্ধনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, বুড়িগঙ্গায় চলাচলকারী নৌযানের বর্জ্য এখানে-সেখানে ফেলা বন্ধ করা, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর সঠিক সীমানা নির্ধারণ ও পিলার স্থাপন করা, বেদখল হওয়া নদীর জমি উদ্ধার, দখল সম্পূর্ণভাবে উচ্ছেদ করে জমি সংরক্ষণ এবং নদীবিষয়ক টাস্কফোর্সকে কার্যকর রাখা।