বুড়িগঙ্গাতীরে উচ্ছেদ অভিযানে শ্রমিকদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় গতকাল বুধবার বুুড়িগঙ্গা নদীর তীর থেকে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদের সময় দখলদারেরা সরকারি অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে নয়জন শ্রমিক আহত হন। গতকাল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চলে। অভিযানে র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য এবং শতাধিক শ্রমিক অংশ নেন। সোয়ারীঘাট এলাকায় মাছ ও মুদিদোকানগুলোয় অভিযান চালাতে গেলে দোকানদারেরা একজোট হয়ে মার্কেট ঘেরাও করে রাখেন। এর পরও শ্রমিকেরা কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে দোকানিরা তাঁদের ধাওয়া করেন। দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে দোকানি ও কর্মচারীরা কয়েকজন শ্রমিককে মারধর করেন। তাঁদের হাতে নয়জন শ্রমিক আহত হন। আহত শ্রমিকেরা হলেন: রাজু (২২), আনোয়ার (১৮), বাবু (২৪), রাজন (২৭), সাত্তার মিয়া (৩০), হেলাল (১৯), হিরু (২৩), রমিজ (২৮) ও জলিল মিয়া (৩৫)। তাঁদের চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।দোকানমালিকেরা অভিযোগ করেন, তাঁদের কোনো নোটিশ না দিয়েই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দুই দফায় নোটিশ দিয়ে তবে আজকের (গতকাল) অভিযান চালানো হয়।’ তিনি বলেন, হাইকোর্টের রায় অনুসারে বুড়িগঙ্গাতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। গতকাল উচ্ছেদ করা অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে সোয়ারীঘাট জামে মসজিদের নয়টি, পাশের রাজু মার্কেটের সাতটি দোকান, আটটি ফলের দোকানসহ আধাপাকা ও টিনশেডের ৭০টি অবৈধ স্থাপনা। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ অনুসারে বুড়িগঙ্গাতীরে আগেও তিন দফা অভিযান চালানো হয়। তা হলো, গত ৬ এপ্রিল কামরাঙ্গীরচরের নবাবচরে, ২৭ জুলাই কদমতলীর গাজীরঘাটে এবং ৪ আগস্ট শ্যামপুরে।উচ্ছেদের সময় বিভিন্ন দোকানের মালিক তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। চম্পাতলী মাছঘাট জামে মসজিদ মার্কেটের সালমান শু স্টোরের তাজুল ইসলাম জানান, ঘরভাড়া বাবদ দেড় লাখ টাকা অগ্রিম দিয়ে তিনি ব্যবসা করছেন। প্রতি মাসে ভাড়া দেন পাঁচ হাজার টাকা। তিনি বলেন, ‘এখন দোকানও গেল, মালিক টাকাও ফেরত দেবে না।’আগে নোটিশ দেওয়া হয়নি দাবি করে রনি শু স্টোরের মালিক আরিফ জানান, সময়মতো মালামাল সরিয়ে নিতে না পারায় তাঁর প্রচুর ক্ষতি হয়েছে।চম্পাতলী মাছঘাট জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মো. কবির জানান, মসজিদের পশ্চিম পাশের ৮০ ফুট লম্বা ও ৬০ ফুট প্রশস্ত জায়গাটি চম্পাতলী মাছ ব্যবসায়ী সমিতি তাঁদের ‘দান’ করেছে। পরে সেখানে মার্কেট করা হয়। তিনিও দাবি করেন, উচ্ছেদের বিষয়ে আগে থেকে জানানো হয়নি। সোয়ারীঘাট রাস্তার পশ্চিম পাশের সেলিম মার্কেটের মাসুদ কনফেকশনারির মালিক মনোয়ার হোসেন জানান, তিনি অগ্রিম এক লাখ ৪০ হাজার টাকা এবং প্রতি মাসে ছয় হাজার টাকা ভাড়া দিয়ে ব্যবসা করছেন। দখলদারের তালিকায় থাকা সালেহা খাতুন প্রথম আলোর সঙ্গে আলাপকালে দাবি করেন, প্রায় ৫০ বছর আগে তাঁর বাবা আলীম বেপারী পাঁচ একর জায়গা সরকারের কাছ থেকে ‘কিনে নেন’। এরপর থেকে তাঁরা নিয়মিত খাজনা দিয়ে আসছেন।ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, লালবাগ মৌজায় তালিকাভুক্ত অবৈধ স্থাপনা আছে ২০৮টি। বাকিগুলোও উচ্ছেদ করা হবে।