বুড়িগঙ্গার তিন কিলোমিটার অংশে ছয় মাসে ২২৫টি অবৈধ স্থাপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, কর্তৃপক্ষগুলোর নজরদারি আছে, আছে পাঁচটি আইন ও বিধি। তার পরও গত ছয় মাসে বুড়িগঙ্গা নদীর মাত্র তিন কিলোমিটার অংশে গড়ে উঠেছে ২২৫টি অবৈধ স্থাপনা।ঢাকা জেলা প্রশাসনের তৈরি করা তালিকা সামনে রেখে প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ বুধবার এগুলো উচ্ছেদে অভিযানে নামছে। তবে বুড়িগঙ্গার অন্য অংশের অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান এখনো অনিশ্চিত। বুড়িগঙ্গার ১৭ কিলোমিটার অংশ বিআইডব্লিউটিএর অধীনে। এর বাইরে কামরাঙ্গীরচর এলাকাসহ কিছু অংশ জেলা প্রশাসনের অধীনে।রাজধানীর সদরঘাট টার্মিনালের বিপরীত দিকে জিঞ্জিরা মৌজার জিঞ্জিরা ফেরিঘাট থেকে কালীগঞ্জ তেলঘাট পর্যন্ত তিন কিলোমিটার নদী এলাকায় ২২৫টি অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। ঢাকা নদীবন্দর সূত্র জানিয়েছে, পুলিশের সহায়তায় আজ সকালে এসব স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হবে।দক্ষিণ কেরানীগঞ্জের কান্দাপাড়া এলাকায় বুড়িগঙ্গা নদীর দেড় হাজার বর্গফুট অংশ ও তীরভূমি দখল করে সীমানা দেয়াল দিয়েছেন আবুল কাশেম নামের এক ব্যক্তি। কান্দাপাড়া সরকারি প্রাথমিক স্কুলের অদূরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, দেয়ালের ভেতরে নতুন ও পুরোনো ভাঙা ইট ফেলে রাখা হয়েছে। তিন দিকে সীমানা দেয়াল তোলার কারণে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বাধার মুখে পড়েছে। নৌযান চলাচলেও সমস্যা হচ্ছে। কিছুদিনের মধ্যেই এখানে পাকা স্থাপনা তোলার কাজ শুরু হবে বলে এলাকাবাসী শুনেছেন। দেয়ালের দুই পাশেও নদীর পানিতে জড়ো করা হয়েছে বেশ কিছু ইট। অর্থাৎ ধীরে ধীরে এর দুই পাশও ভরাট হবে। যোগাযোগ করা হলে আবুল কাশেম দখলের কথা অস্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, প্রায় ২০ বছর আগে তিনি তৎকালীন ঢাকা মিউনিসিপ্যালিটির সাবেক একজন ওয়ার্ড কমিশনার মান্নান খানের ছেলেদের কাছ থেকে কান্দাপাড়ায় ৩০ শতাংশ জমি কেনেন। সিএস দাগ অনুযায়ী তিনি সীমানা দেয়াল দিয়েছেন।তাহলে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর নথি কি মিথ্যা? এ প্রশ্নের জবাবে আবুল কাশেম বলেন, ‘আমার জায়গা আমি মেপেই দেয়াল তুলেছি। পানি বেড়ে যাওয়ায় মনে হচ্ছে নদী।’বিআইডব্লিউটিএর ঢাকা বন্দরের যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, নদীর অংশ ভরাট ও দখল করার কারণে আবুল কাশেমকে সম্প্রতি নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে দেয়াল ভেঙে এবং ভরাট করা জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে সাড়া দেননি। অবৈধ স্থাপনার তালিকা অনুযায়ী দেখা যায়, নদীধারা বহুমুখী সমবায় সমিতি নামের একটি সংগঠন জিঞ্জিরায় নদীপাড়ে গড়ে তুলেছে একটি হোটেল। একই এলাকায় আরও একটি হোটেল দিয়েছেন মোহাম্মদ জালাল নামের অপর এক ব্যক্তি। পাশেই জনৈক নয়ন মিয়া অবৈধ স্থাপনা করে সেখানে স্থাপন করেছেন শক্তিশালী জেনারেটর। সেটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। খানিক দূরে মোহাম্মদ জামাল নামের অপর এক ব্যক্তিও একইভাবে জেনারেটর স্থাপন করেছেন।গড়ে উঠেছে মাঝি শ্রমিক লীগের নামে দোকানঘর। সদরঘাট প্রান্তে গড়ে তোলা হয়েছে সদরঘাট তেল ব্যবসায়ী সমিতির ব্যবসাপ্রতিষ্ঠান। স্থানীয় যুবলীগের একটি ক্লাবঘরও রয়েছে নদীর জায়গায়। নিজেকে যুবলীগের সক্রিয় কর্মী আবুল হোসেন বলে পরিচয় দিয়ে এক যুবক জানান, এখানে তাঁরা পাকা কোনো স্থাপনা করেননি। বসার জন্য একটি অস্থায়ী স্থাপনা করা হয়েছে মাত্র। সেখান থেকে একটু দূরে জাতীয় শ্রমিক পার্টির একটি অফিসঘর পাওয়া যায়। তবে তালা বন্ধ।গত এক বছরে পুরান ঢাকার হাজারীবাগ, বালুঘাট, শহীদনগর, কামরাঙ্গীরচর, রসুলপুরসহ বুড়িগঙ্গা নদীর অনেক জায়গা দখল করা হয়েছে। সেখানে দোতলা, তেতলা পাকা স্থাপনাও গড়ে উঠেছে। কিছু অবৈধ স্থাপনার তালিকা হলেও সেগুলো উচ্ছেদ হবে কি না, হলে কবে নাগাদ হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি।