বুড়িগঙ্গার দখল রোধে হাইকোর্টের সুয়োমোটো রুল
বুড়িগঙ্গার দখল রোধে হাইকোর্ট সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত) হয়ে রুল জারি করেছেন। বুড়িগঙ্গা দখলকারীদের পক্ষে নিম্ন আদালতের নিষেধাজ্ঞায় হাইকোর্টের আদেশ লঙ্ঘিত হয়েছে কি না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে নদীর মধ্যে থাকা দখলের বিষয়ে ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রুল জারি করেন।ঢাকার জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে এ বিষয়ে জানাতে আদালত নির্দেশ দিয়েছেন। জানা যায়, গত বছরের ২৫ জুন ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু নদী এবং তুরাগ নদ রক্ষায় কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। আজ একটি জাতীয় দৈনিকে বুড়িগঙ্গার দখলকারীদের পক্ষে নিম্ন আদালতের নিষেধাজ্ঞাসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়টি আজ সকালে আদালতের দৃষ্টিতে আনেন আইনজীবী মনজিল মোরসেদ। এর পরিপ্রেক্ষিতে আদালত সুয়োমোটো রুল জারি করেন।