বুড়িগঙ্গার দ্বিতীয় সেতুতে তিন ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যান ও রিকশা চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু দিয়ে যান চলাচল প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন ভ্যান ও রিকশাচালকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পৌনে ১০টা পর্যন্ত এ অবরোধ চলে। এ সময় সেতু দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, মুন্সিগঞ্জ, ফরিদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পুলিশ নয়াবাজার এলাকা থেকে সেতুতে ভ্যান ও রিকশা ওঠায় বাধা দেয়। এতে পুলিশ ও ভ্যান ও রিকশাচালকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েক শ রিকশা ও ভ্যানচালক সেতুর দক্ষিণ প্রান্তে কদমতলী এলাকায় ও সেতুর ওপরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং সিএনজিচালিত অটোরিকশা, বাসসহ সাত-আটটি যানবাহন ভাঙচুর করে।সেতু দিয়ে চলাচল করতে না দেওয়া পর্যন্ত এ অবরোধ চলবে বলে রিকশা ও ভ্যানচালকেরা ঘোষণা দেন। সকাল পৌনে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম যানবাহন চলাচলের আশ্বাস দিলে বিক্ষোভকারী অবরোধ তুলে নেন। বর্তমানে সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।