বুড়িগঙ্গার পানিদূষণ রোধে হাইকোর্টের রুল
বুড়িগঙ্গা নদীর পানিদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নদীতে পয়োনিষ্কাশন সংযোগগুলো কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।বুড়িগঙ্গা নদীর পানিদূষণ রোধে নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।আগামী চার সপ্তাহের মধ্যে শিল্পসচিব, স্বরাষ্ট্রসচিব, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে জারি করা রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া নদীতে যাতে কেউ বর্জ্য ফেলতে না পারে, সে জন্য সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করতে কোতোয়ালি, হাজারীবাগ, লালবাগ, কামরাঙ্গীরচর ও ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে আদালত জেলা প্রসাশন, পুলিশ প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন।