বুড়িগঙ্গার বর্জ্য অপসারণকাজ পরিদর্শনে বাপা নেতারা
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপার নেতারা আজ শনিবার বেলা ১১টার দিকে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে বর্জ্য ও ময়লা উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেছেন। তাঁরা কেরানিগঞ্জের আগানগর নদীধারা এলাকা, ঝাউচর ও সাভারের সলমাসিতে বর্জ্য নিক্ষেপ স্থান পরিদর্শন করেন।পরিদর্শনকালে বাপার চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, প্রকল্পটি পাইলট প্রকল্প হিসেবে শিক্ষনীয় হয়েছে। এখানে সাফল্য অর্জিত হলে অভিজ্ঞতাটা অন্যান্য নদীর তলদেশ থেকে বর্জ্য অপসারণের কাজে লাগবে।মোজাফ্ফর আহমদ বলেন, নদীর তলদেশ থেকে বর্জ্য ও পলিথিন উত্তোলনকাজে আরও গতিশীলতা প্রয়োজন। ঢাকার আশপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করা দরকার। বন্যাপ্রবণ এলাকাগুলোকে রক্ষার জন্য সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার আজ একই সময়ে পৃথকভাবে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নিয়ে কেরানিগঞ্জের ওই সব এলাকা পরিদর্শনে যান।পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, এরই মধ্যে সদরঘাট এলাকায় ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করা হয়েছে এবং তাতে সদরঘাট টার্মিনাল এলাকায় ব্যাপক পরিবর্তন এসেছে। নদীদূষণ ও দখলমুক্ত করার জন্য সবার এগিয়ে আসা উচিত। তিনি জানান, নদীর তীরের ময়লা-আবর্জনা অপসারণ পর্যায়ক্রমে করা হবে।