বুড়িগঙ্গার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকার চারটি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের প্রথম দিনে গতকাল মঙ্গলবার বুড়িগঙ্গার ৩০টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচরের নবাবচর মৌজায় বেড়িবাঁধের ভেতরের অংশে অভিযান শুরু হয়। অভিযান চলাকালে একাধিক স্থাপনার মালিক এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা বাধা দেওয়ার চেষ্টা করেন। একাধিক দখলদার আইন প্রতিমন্ত্রী ও এলাকার সাংসদকে ফোন করে তাঁদের স্থাপনা না ভাঙার বিষয়ে হস্তক্ষেপ দাবি করেন। ঢাকা জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ অভিযানে প্রায় ১০০ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য এবং শতাধিক শ্রমিক অংশ নেন।গতকাল প্রথমেই নবাবচর মৌজার ১৩১ ও ১৬০ নম্বর দাগে অবস্থিত ইনসাফ ফুড ইন্ডাস্ট্রিজের ভবন ভাঙার কাজ শুরু হয়। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ এই কারখানার মালিক। কারখানায় বুলডোজার আঘাত করার সময় এনায়েত উল্লাহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীনের কাছে গিয়ে মুঠোফোন এগিয়ে দিয়ে বলেন, ‘নিন, মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলুন।’ ম্যাজিস্ট্রেটকে তখন বলতে শোনা যায়, হাইকোর্টের নির্দেশ মেনেই তিনি উচ্ছেদ কাজ করছেন। পরে ব্যবসায়ী এনায়েত উল্লাহ প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, ‘আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের কথাও এঁরা (ম্যাজিস্ট্রেট) শোনে না।’ তিনি বলেন, দু-তিন দিন ধরে তিনি প্রতিমন্ত্রীকে বলে আসছেন। প্রতিমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন তাঁর স্থাপনা ভাঙা হবে না।গতকাল সন্ধ্যায় এ বিষয়ে আইন প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এলাকার ভোটাররা তাঁদের দাবি জানাতেই পারে। তবে আমি কারও পক্ষে বলিনি।...কামরাঙ্গীরচরে যেসব স্থাপনা ভাঙা হয়েছে, আমি দাবি করছি না যে সেগুলো অবৈধ নয়। আমার যুক্তি হলো, বাঁধের ভেতরে নদীর মধ্যে সকলের চোখের সামনে যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো আগে ভাঙা উচিত।’এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেছেন, পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনাই ভাঙা হবে। ইনসাফ ফুড ইন্ডাস্ট্রিজের কারখানা ভাঙার সময় কামরাঙ্গীরচর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন দলবল নিয়ে এসে অভিযানকারীদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। প্রায় দুই বিঘা জায়গায় নির্মিত অবৈধ একটি সীমানা দেয়াল ভেঙে দেওয়ার সময়ও তিনি সেখানে যান। তবে প্রথম আলোর প্রতিবেদকের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, তিনি সঠিক মাপ নিয়ে স্থাপনা উচ্ছেদের অনুরোধ করেছেন। আবুল হোসেন বলেন, ‘বাধা না দিয়ে আমরা বরং সহযোগিতা করছি।’বেড়িবাঁধের ভেতরে একটি বড় ছাপাকাপড়ের কারখানা ভাঙতে গেলে মালিক মো. মামুন এক ঘণ্টা সময় চান। স্থাপনাটি যে অবৈধ জায়গায়, তা তিনি জানেন না বলে দাবি করেন। জায়গার মালিক মো. আওলাদ হোসেন দাবি করেন, ওয়ারিশসূত্রে তিনি এখানে তিন কাঠা জমি পান। অভিযানে কারখানাটি ভেঙে দেওয়া হয়। ৩৫৭ নম্বর দাগে ছয়টি টিনের ঘর তুলে ২০টি পরিবারকে ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে প্লাস্টিকের খেলনাসহ বিভিন্ন কুটির শিল্পের কাজ হতো। এগুলো ভেঙে দেওয়ার পর পরিবারগুলোর সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। পাশের আরেকটি স্থাপনা ভেঙে দেওয়ার পর মালিক আবদুল আলীম রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তিনি প্রথম আলোকে বলেন, ১৫ বছর আগে জায়গা কিনে তিন বছর আগে তিনি বাড়ি করেন। আবদুল আলীম বলেন, তিনি জানতেন না তাঁর জায়গাটি অবৈধ। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বলেন, খাসজমিতে যেসব স্থাপনা হয়েছে, হাইকোর্ট থেকে সেগুলো ভেঙে দেওয়ার নির্দেশ আছে। সে মতোই কাজ হচ্ছে। অভিযানের সময় উপস্থিত বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন উপপরিচালক মো. শরীফ আফজাল জানান, বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে উচ্ছেদ অভিযানের পরবর্তী এক মাসের কর্মসূচি নির্ধারণ করা হবে।