বুড়িগঙ্গায় ছয় ক্রোশ নৌচলাচল নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবাদারের দপ্তর থেকে জারি করা এক ফরমানে বুড়িগঙ্গায় চাঁদনীঘাটের ছয় ক্রোশের মধ্যে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অবিলম্বে এ ফরমান কার্যকর হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করে বিধিমালা তৈরির কাজ চলছে বলে জানা গেছে।সূত্র জানায়, সুবাদার ইসলাম খান চিশতি আপাতত শাহি বজরা চাঁদনীতে বসবাস করছেন। সুবাদারের বজরা নোঙর করার পর কৌতূহলী জনতা চাঁদনীঘাটের আশপাশে প্রায়ই ভিড় জমাচ্ছিল। এতে সুবাদারের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ ছাড়া বজরায় বসবাসরত নবাব পরিবারের জেনানাদের গোপনীয়তা রক্ষিত হচ্ছিল না। জানা গেছে, জনতার অতিরিক্ত ও অমার্জিত কৌতূহলে সুবাদার ও তাঁর পরিবারের সদস্যরা বিব্রত ও বিরক্ত বোধ করছেন। এ কারণে সুবাদারের নিরাপত্তা ও জেনানাদের আবরুর হেফাজত রক্ষার জন্য চাঁদনীঘাটকে কেন্দ্র করে উভয় পাশে ছয় ক্রোশের মধ্যে কোষা, ডিঙি, ছিপ, পানসি, বজরা, সাম্পানসহ সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।