বুড়িগঙ্গায় ট্রলার ডুবি, এক জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বুড়িগঙ্গা নদীতে আজ শুক্রবার রাতে দুটি বালুবাহী ট্রলারের (বলগেট) ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এ ঘটনায় রাত ১২টা পর্যন্ত এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২৫ ট্রলার যাত্রী।মৃত যাত্রীর নাম মো. রিপন (৩৫)। তিনি মিটফোর্ড হাসপাতালের এমএলএস পদে কাজ করতেন। থাকতেন কামরাঙ্গীরচরের মাদবর বাজারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮০-৯০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার বাবুবাজার ঘাট থেকে কামরাঙ্গীরচরের মাদবর বাজার ঘাটে যাচ্ছিল। রাত সোয়া আটটার দিকে মিটফোর্ড হাসপাতাল ঘাট বরাবর মাঝ নদীতে এলে দুটি বালুবাহী ট্রলারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় অনেকে সাতরে তীরে উঠতে সক্ষম হন। এর মধ্যে অসুস্থ চারজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি দল ঘটনাস্থলে ছুটে আসে। রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মাহবুব বলেন, আমাদের ডুবুরি দল উদ্ধার তত্পরতা অব্যাহত রেখেছে। পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিতে আসছে। যেখানে ট্রলারটি ডুবেছে সেখানকার পানির গভীরতা প্রায় ৭০ ফুট। তাই উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।ট্রলারের এক যাত্রী আমির হোসেন বলেন, আমার বন্ধু রিপন (২৫) ও তাঁর স্ত্রী মনিকা বেগম (২০) ট্রলারে আমার সঙ্গেই ছিল। ডুবে যাওয়ার পর আমি কোনো রকমে সাতরে পাড়ে উঠেছি। রিপনের এখনো খোঁজ মেলেনি। তবে ওর স্ত্রী মনিকাকে গুরুতর অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।