বুড়িগঙ্গায় ট্রলারডুবির ঘটনায় তদন্ত কমিটি
ঢাকার বুড়িগঙ্গা নদীতে দুটি বালুবাহী ট্রলারের (বলগেট) ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আজ রোববার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলারটির উদ্ধারকাজে অংশ নিতে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছেছে। বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, সমুদ্র পরিবহন অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান হাওলাদারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ কমিটি গঠন করে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটির অবস্থান আজ সকালে শনাক্ত করা হয়েছে। এটি উদ্ধারে অংশ নিতে রুস্তম নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় গতকাল রাতে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম অজ্ঞাত বলগেট মালিকের বিরুদ্ধে মামলা করেছেন। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ মাহবুব জানান, ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। ট্রলারের ভেতর মৃতদেহ না থাকায় গতকাল রাত তিনটা থেকে উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়। তবে উদ্ধারকারী দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে তারা আবার উদ্ধার কার্যক্রম শুরু করবে। এদিকে নিখোঁজদের স্বজনেরা সকাল থেকেই দুর্ঘটনাকবলিত এলাকায় ভিড় করে প্রিয়জনের খোঁজ করছেন। প্রসঙ্গত, ঢাকার বুড়িগঙ্গা নদীতে গতকাল রাতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় রাত দেড়টা পর্যন্ত দুজন যাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছেন ট্রলারের অন্তত ২৫ যাত্রী।