বুড়িগঙ্গায় দূষণ: গৃহীত পদক্ষেপের অগ্রগতি জানাতে ৬ ওসিকে নির্দেশ
বুড়িগঙ্গা নদীর পানি দূষণ রোধে প্রতি তিন মাস পরপর কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতি জানাতে রাজধানীর ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ নির্দেশ দিয়ে ওই ছয়জন ওসিকে আদালতে হাজিরা থেকে অব্যাহতি দেন।আদালতের নির্দেশনা অনুযায়ী আজ আদালতে হাজির হন পাঁচ থানার ওসি। তাঁদের সঙ্গে ছিলেন কেরানীগঞ্জ থানার ওসি মো.আসাদুজ্জামান।বাকি পাঁচজন ওসি হলেন—কোতোয়ালি থানার সালাউদ্দিন খান, হাজারীবাগের এনামুল হক, লালবাগের মোহাম্মদ আলী, কামরাঙ্গীরচরের শফিকুল ইসলাম ও ডেমরার মাহাবুব হোসেন।৭ জুন আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ না নেওয়ায় রাজধানীর ওই পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আজ সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।শুনানিতে অংশ নিয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আইনজীবী মনজিল মোরশেদ বলেন, দূষণ রোধের জন্য রিট করা হয়েছিল। সরকার নদীর বর্জ্য অপসারণ করতে সাত কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। সব কিছু জানার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতের নির্দেশনা দেওয়া সত্ত্বেও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না। আদালতের নির্দেশনা মানতে তাঁরা বাধ্য। পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি জানাতে দুই মাস পরপর প্রতিবেদন দাখিলের আরজি জানান তিনি।সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। হাজারীবাগ থানায় একটি জিডিও করা হয়েছে।এ পর্যায়ে আদালত বলেন, দূষণ রোধে সরকার জোরালো ভূমিকা নিয়েছে।আদালত উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘এ দেশ আপনার-আমার সবার। এখন থেকে যদি নদী রক্ষা করা না হয় তাহলে ভবিষ্যতে পানি পাওয়া যাবে না।’ঢাকায় ১০ বছর পর পানি পাওয়া যাবে না বলে খবর প্রকাশিত হয়েছে। নদী দূষণ রোধে গণসচেতনতা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।