বুড়িঘাটের যুদ্ধ
১৯৭১ সালের ২৬ মার্চ অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রামে বিদ্রোহ করে স্বাধীনতাযুদ্ধে যোগ দেয়। এ সময় অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান। ৩০ মার্চের পর তিনি ভারতীয় বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্য রামগড়ে যান। তাঁর অবর্তমানে ইউনিটের দায়িত্ব নেন মেজর মীর শওকত আলী। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ শেষে ইউনিট চট্টগ্রাম ছেড়ে রাঙামাটির মহালছড়িতে চলে আসে। মেজর শওকত ব্যাটালিয়নকে কয়েকটি দলে ভাগ করেন। ঘাঘড়ায় ক্যাপ্টেন আফতাব, বুড়িঘাটে ক্যাপ্টেন খালেকুজ্জামান চৌধুরী, বরকলে লেফটেন্যান্ট মাহফুজ আর কুতুবছড়ি এলাকায় সুবেদার মোতালেবকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি এলাকায় ছিল একটি করে কোম্পানি। এদের প্রধান দায়িত্ব ছিল রাঙামাটি মুক্ত রাখা।১৭ এপ্রিল পাকিস্তানি বাহিনীর রেকি দল মুক্তিবাহিনীর অবস্থান জানতে একটি লঞ্চ নিয়ে রাঙামাটি-মহালছড়ি নদীপথে এগোতে থাকে। এ পথটি পাহারার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন খালেকুজ্জামান চৌধুরী। পাকিস্তানি সেনাদের উপস্থিতি টের পেয়ে তিনি শত্রু মোকাবিলার জন্য প্রস্তুত থাকেন। শত্রুর লঞ্চটি আওতায় এলে মুক্তিবাহিনী গুলি ছুড়তে শুরু করে। গোলার আঘাতে লঞ্চ ডুবে যায়। কিছু পাকিস্তানি সেনা মারা যায়, কেউ কেউ পালিয়ে বাঁচে।১৯ এপ্রিল বেলা তিনটার দিকে পাকিস্তানি বাহিনী দুটি লঞ্চ, সাতটি স্পিডবোট আর দুই কোম্পানি কমান্ডো নিয়ে আবারও এ পথে এসে বুড়িঘাট আক্রমণ করে। এ সময় খালেকুজ্জামান তাঁর কোম্পানি নিয়ে চিংড়ি খাল বরাবর পাহারা দিচ্ছিলেন। তিনি বুঝতে পারেন, তাঁর ক্ষুদ্র বাহিনী নিয়ে এত বিরাট শক্তির মোকাবিলা করা সম্ভব নয়। শত্রু দূর থেকেই মর্টার হামলা শুরু করেছে। পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল। পালিয়ে যাওয়ার পথ নেই। এ পরিস্থিতিতে ইপিআরের ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ এগিয়ে এসে তাঁর কোম্পানি কমান্ডারকে বলেন, ‘আমি আমার এলএমজি দিয়ে শত্রুকে আগলে রাখছি, আপনি বাকি সেনাদের নিয়ে পিছু হটে যান।’প্রায় অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব নিয়ে ল্যান্স নায়েক রউফ শত্রুর বিরুদ্ধে গুলি শুরু করেন; আর ক্যাপ্টেন খালেকের নেতৃত্বে মুক্তিবাহিনী পিছু হটতে থাকে। শুধু মেশিনগান হাতে ল্যান্স নায়েক রউফ দুটো লঞ্চ ও সাতটি স্পিডবোটের বিরুদ্ধে এক অসম যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। শত্রুর দল অবিশ্রান্ত গুলি চালিয়ে বুড়িঘাট ধীরে ধীরে ঘিরে ফেলতে থাকে। তিনি খুব ভেবেচিন্তে নিজের পজিশন থেকে থেমে থেমে গুলি ছুড়তে থাকেন। সাথিরা নিরাপদ আশ্রয়ে চলে না যাওয়া পর্যন্ত খান সেনাদের ঠেকাতে তিনি অবিশ্বাস্য গতিতে নিশানা ঠিক রেখে গুলি চালিয়ে যান। পাকিস্তানি সেনারা এগোতে পারছিল না। তাঁর আক্রমণে শত্রুর সাতটি স্পিডবোটই ক্ষতিগ্রস্ত হয়ে পিছু হটে গিয়ে তিন ইঞ্চি মর্টারের সাহায্যে গোলাবর্ষণ শুরু করে। ইতিমধ্যে মুক্তিবাহিনী নিরাপদ স্থানে পৌঁছে গেছে।রউফের দিকে শত্রুর ছুড়ে দেওয়া এলোপাতাড়ি গোলার একটি তাঁকে আঘাত করে। তাঁর মেশিনগান থেমে যায়। সূর্য তখন প্রায় অস্তগামী। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রউফও আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২০ এপ্রিল রউফের মৃতদেহ উদ্ধার করে বুড়িঘাটে সমাহিত করা হয়। যুদ্ধকালে ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফকে বীরত্বের জন্য সর্বোচ্চ খেতাবের সুপারিশ করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাঁকে প্রথম বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে।