বুড়িমারীতে অনিয়মই নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িমারী স্থলবন্দরে অনিয়মই ‘নিয়মে’ পরিণত হয়েছে। শুল্কায়নের প্রক্রিয়া শুরুর আগেই ‘নো ম্যান্স ল্যান্ডে’ পণ্য নিয়ে যায় চোরাকারবারিরা। এ কারণে রাজস্ব পাচ্ছে না সরকার।আর ভারতের ভূখণ্ড পার হয়ে বাংলাদেশে প্রবেশের মুখেই কুলিরা ট্রাকে উঠে পড়েন। অথচ নো ম্যান্স ল্যান্ডে কোনো দেশের নাগরিকের অবস্থান নেওয়ার নিয়ম নেই। আর এটাই হলো লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরের প্রতিদিনকার চিত্র।সরেজমিনে গিয়ে আরও দেখা গেছে, শুল্কায়ন আনুষ্ঠানিকতার জন্য কোনো অবকাঠামো নেই। একটি খোলা চালাঘরে শুল্কায়ন কার্যক্রম চলে। বাংলাদেশ অংশের নো ম্যান্স ল্যান্ডে সারা দিনই থাকে মানুষের ভিড়। এঁদের বেশির ভাগই চোরাকারবারি, কুলি, ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টের (সিএন্ডএফ) প্রতিনিধি। আবার অনেকেই ওপারে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে ‘জিরো লাইনে’ যান। বুড়িমারী স্থলবন্দরের এসব অনিয়মই এখন নিয়ম হয়ে গেছে। সবার সামনেই অনিয়ম চলছে।মূলত ভুটান ও ভারত থেকে এই স্থলবন্দর দিয়ে ফল, পাথর, লাইমস্টোন ইত্যাদি পণ্য আসে। আর বাংলাদেশ থেকে মেলামাইন পণ্য, ফলের রস ও চকলেট ভারত ও ভুটানে যায়। তবে বুড়িমারী স্থলবন্দরটি মূলত ভুটানি পণ্যের আমদানি-রপ্তানির কাজেই বেশি ব্যবহূত হয়। স্থলবন্দরটির অপর পাড়ে ভারতের পশ্চিবঙ্গের মেখলীগঞ্জের চেংড়াবান্ধা স্থলবন্দর।ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট দিতে বাংলাদেশ সাতটি সড়কপথ নির্ধারণ করেছে। এর মধ্যে অন্যতম হলো থিম্পু (ভুটান)-ফুন্টসিলিং (ভুটান)-জয়গাঁও (ভারত)-বুড়িমারী (বাংলাদেশ)-মংলা ও চট্টগ্রাম বন্দর।শুল্কায়নের আগেই পণ্য ‘হাওয়া’: ৬ ডিসেম্বর, বেলা সোয়া একটায় ভারতের ভূখণ্ড পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করল কমলাবাহী ভুটানি ট্রাক। জিরো লাইন পার হয়ে বাংলাদেশের নো ম্যান্স ল্যান্ডে প্রবেশ করে ১০০ গজ যেতেই ট্রাকটি থেমে গেল। ৮-১০টি ভ্যানগাড়ি গিয়ে থামল ট্রাকের পাশে। সঙ্গে সঙ্গে কয়েকজন লোক ট্রাকে উঠে কমলার বস্তা ভ্যানগাড়িতে নামাতে থাকেন। ৫০-৬০টি কমলার বস্তা নামার পরই ট্রাকটি স্থলবন্দরের ইয়ার্ডে (পণ্য ওঠানো-নামানোর স্থান) চলে যায়।এভাবে প্রায় সব ভুটানি ট্রাক থেকে শুল্কায়নের আগেই কমলার বস্তা ‘হাওয়া’ হয়ে যায়। অথচ মাত্র ১০ গজ দূরেই বিজিডির সদস্যদের চৌকি। ভুটানকে সব পণ্যে শতভাগ শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলেও আগাম বাণিজ্য মূসক (এটিভি) ৪ শতাংশ হারে আরোপ করেছে বাংলাদেশ। শুল্কায়নের আগেই পণ্য চুরি হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার।অনুসন্ধানে জানা গেছে, ট্রাকচালকেরা ভুটান থেকে ছেড়ে আসার পর মাঝপথে বাগানমালিকদের কাছ থেকে বাড়তি কমলা কিনে নিয়ে আসেন। তাই বাংলাদেশে শুল্কায়নের সময় ঋণপত্র ও বিল অব এন্ট্রির কাগজপত্রের সঙ্গে কমলার পরিমাণে তফাত থাকে না। বুড়িমারী বাজারে প্রতিদিন বিকেলে অবৈধভাবে আসা ওই কমলার জমজমাট পাইকারি বাজার রয়েছে।বুড়িমারী স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার সোহেল রানা প্রথম আলোকে বলেন, নো ম্যান্স ল্যান্ড ও স্থলবন্দরের ইয়ার্ডে আসার আগ পর্যন্ত পণ্যবাহী ট্রাকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিজিবির সদস্যদের। এতে শুল্ক বিভাগের কিছুই করার নেই।৩১ লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী বিওপি কমান্ডার জাবিউল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি দাবি করেন, নো ম্যান্স ল্যান্ডের বাইরে গিয়েই বেশির ভাগ ট্রাক থেকে এভাবে পণ্য নামে।নাম প্রকাশে অনিচ্ছুক ভ্যানচালক প্রথম আলোকে জানান, স্থ্থানীয় প্রভাবশালীরাই এই ব্যবসার সঙ্গে জড়িত। এ জন্য বিজিবি ও শুল্ক বিভাগের সঙ্গে একধরনের সমঝোতা রয়েছে।প্রবেশমুখেই কুলিদের দখল: বুড়িমারী স্থলবন্দর এলাকায় নো ম্যান্স ল্যান্ড চিহ্নিত করার সুযোগ নেই। শুধু একটি গেট দিয়ে দুই দেশের ‘জিরো লাইন’ চিহ্নিত করা হয়েছে। বন্দরের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে সারা দিনই বাংলাদেশ অংশে লোকজনের আনাগোনা থাকে। জিরো লাইন পার হয়ে পণ্যবাহী ট্রাক বাংলাদেশ অংশে প্রবেশ করা মাত্রই কুলিদের দখলে চলে যায়। অথচ জিরো লাইন থেকে বাংলাদেশের ভেতরে ১৫০ গজ পর্যন্ত নো ম্যান্স ল্যান্ড হিসেবে বিবেচিত হবে। আর সেখানে অনুমোদিত (বিজিবি, শুল্ক বিভাগ, স্থলবন্দর কর্তৃপক্ষ) ব্যক্তি ছাড়া প্রবেশাধিকার নেই।বাইরে পণ্য খালাস: ভারত, নেপাল ও ভুটান থেকে আসা পাথর, ডোলমাইট পাউডার, লাইমস্টোনসহ বিভিন্ন পণ্য স্থলবন্দরের জায়গায় খালাস করা হয় না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে বুড়িমারী বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার পাশে সিঅ্যান্ডএফ এজেন্টের নিজস্ব গুদামঘর ও ইয়ার্ডে পাথরসহ অন্যান্য পণ্য খালাস করছেন শ্রমিকেরা।জানা গেছে, আমদানি করা পণ্য স্থলবন্দরের ইয়ার্ডে রাখা হলে মাশুল দিতে হয়। খরচ কমাতে আমদানিকারকেরা স্থলবন্দরের বাইরে পণ্য খালাস করেন, যা নিয়মবহির্ভূত।বাণিজ্য বাড়লেও রাজস্ব কমছে: গত কয়েক বছরে বুড়িমারী স্থলবন্দরের ব্যবহার বেড়েছে। বিশেষ করে গত বছর ভুটানকে সব পণ্যে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পর এই বন্দর দিয়ে আমদানি বেড়েছে। এতে রাজস্ব আয় কমেছে।শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০টি পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করত আর তাতে রাজস্ব আয় হয় ৫০ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে গড়ে প্রতিদিন ৭০ থেকে ৮০টি পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করলেও রাজস্ব আদায় হয়েছে ২৭ কোটি টাকা। চলতি অর্থবছরের নভেম্বর মাস পর্যন্ত প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০টি পণ্যবাহী ট্রাক এলেও আদায় প্রায় ১০ কোটি টাকা।