বুড়ো বয়সে ভীমরতি
বুড়ো বয়সে ভীমরতি অনেকেরই হয়ে থাকে। বুড়োদের ভীমরতির কথা শুনেছেনও হয়তো অনেকেই। আরও বুড়ো বয়সে একটু-আধটু ভীমরতিতে পড়ে বিয়ে করার গল্পটাও খুব একটা পুরোনো নয়। কিন্তু তাই বলে, ১১০ বছর বয়সে! তাও আবার একবার-দুবার নয়, পাক্কা পাঁচবারের পর সম্প্রতি ছয় নম্বর বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওই বৃদ্ধ। কী, ভিমরি খেলেন বোধহয়! ভাবছেন আষাঢ়ে গল্প? মোটেও তা নয়।১১০ বছর বয়সে এই ভীমরতি ধরেছে মালয়েশিয়ার আহমাদ মোহাম্মদ ঈসা নামের এক বৃদ্ধের। পাঁচবার বিয়ে করার পর ছয় নম্বর বিয়ের জন্য সব প্রস্তুতিই প্রায় শেষ করে ফেলেছেন তিনি। এবার সানাই বাজার পালা। আর সানাইটা বেজে গেলেই ৮২ বছর বয়স্ক সানাহ আহমেদ হবেন তাঁর নতুন সহধর্মিণী।আহমাদ মোহাম্মদ ঈসার পূর্বের পাঁচ স্ত্রীর মধ্যে চারজন এরই মধ্যে মারা গেছেন। পাঁচ নম্বর স্ত্রীর সঙ্গে সম্প্রতি তাঁর ছাড়াছাড়ি হয়েছে। আর এ কারণেই নতুন করে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।আহমাদ মোহাম্মদ ঈসা জানিয়েছেন, রান্নাবান্না করার জন্য তাঁর একজন লোক দরকার। এ কারণেই বিয়ে। তা ছাড়া, পাঁচ নম্বর স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর বেশ একা হয়ে গেছেন তিনি। রাতে একা ঘুমাতে ভয় হয় তাঁর। তাই একসঙ্গে ঘুমানোর জন্য খুব ভালো একজন সঙ্গী দরকার বলেও জানিয়েছেন তিনি।ঈসার হবু স্ত্রী সানাহ আহমেদও এর আগে একটা বিয়ে করেছিলেন। তবে তাঁর স্বামী মারা গেছেন ৩০ বছর আগে। এর পর থেকে একলা জীবন যাপন করছেন। আগের স্বামীর সঙ্গে ঈসার নামসহ অনেক কিছুর মিল খুঁজে পেয়েছেন সানাহ। আর এ কারণেই বিয়েতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন সানাহ।সম্প্রতি তাঁরা দুজনেই তাঁদের ছেলেমেয়েদের সঙ্গে বিয়ের ব্যাপারে আলাপ-আলোচনা করেছেন। ছেলেমেয়েরাও এই বিয়েতে রাজি। তাই ঈসা ও সানার গাঁটছাড়া বাঁধতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।উল্লেখ্য, আহমাদ মোহাম্মদ ঈসা ২০ জনের পিতামহ ও ৪০ জনের প্রপিতামহ। আর সানাহর নয়জন ছেলেমেয়ে রয়েছে। ওয়েবসাইট।