বুয়া যখন বিনা নোটিশে না আসেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রায় সমবয়সী ছেলেরা মেসে একত্রে থাকি, এটি ভালো লাগে। স্বাধীনতা আছে। মা-বাবার চোখরাঙানি বা ধমক নেই, তবে সবার আচরণ এক রকম হয় না, যা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। পড়াশোনা করছি, এ সময় দেখা যায়, পাশের রুমে কেউ কেউ চিৎকার শুরু করে দিয়েছে, যা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। নিষেধ করলেও শোনে না।’ এভাবেই মেস-জীবনের বর্ণনা দেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয়বর্ষের ছাত্র মধুখালী উপজেলার রেলগেট এলাকার সৈয়দ ফরহাদ আরাফাত। শহরের ঝিলটুলী এলাকার টেন স্টার ছাত্রাবাসে তিনি থাকেন অন্য ২৫ জন নিবাসীর সঙ্গে।দক্ষিণ ঝিলটুলী এলাকার মতিয়ারের মেসে থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খানজাপুর গ্রামের হেবজুর রহমান। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগে প্রথমবর্ষের ছাত্র। হেবজুর জানান, ‘মেসের লাইফ নির্ভর করে নিজের ওপর। যারা বাড়ি থেকে থাকা-খাওয়ার টাকা আনতে পারে, তারা অপেক্ষাকৃত ভালো থাকে। যাদের টিউশনি করে চলতে হয়, তাদের কোনো ফুরসত মেলে না।মেসের প্রধান সমস্যা হচ্ছে সকালে টয়লেটের জন্য লাইন পড়ে যায়। দুপুরে লাইন দিয়েও পানির অভাবে অনেকে ঠিকমতো গোসল করতে পারে না। বুয়া যখন বিনা নোটিশে না আসেন, তখন খাবারের জন্য হোটেলে ছোটাছুটি করতে হয়।ওই মেসের নিবাসী মাদারীপুরের শিবচর উপজেলার মোহাম্মদ আলী রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞানের তৃতীয়বর্ষের ছাত্র। তিনি জানান, এলাকার স্থানীয় ছেলেরা মেসের ছেলেদের হেয় চোখে দেখে। এলাকায় প্রভাব বিস্তারের মানসিকতা এ ক্ষেত্রে বিড়ম্বনার কারণ হয়। দেখা গেছে, মেসের একটি ছাত্রের তুচ্ছ অপরাধের জন্য লঙ্কাকাণ্ড ঘটে গেছে, অথচ স্থানীয় ছেলেরা মেসে এসে খবরদারি করলে কোনো প্রতিকার মেলে না, তবে মেসের বড় ভাইয়েরা অনেকে সহানুভূতিশীল, আবার অনেকে ডমিনেট করতে চান।আদনান মঞ্জিলে ৪০ জন ছাত্র থাকে। তাদেরই একজন সালথা উপজেলার অসীম মণ্ডল রাজেন্দ্র কলেজে ইংরেজি (সম্মান) প্রথমবর্ষের ছাত্র। তিনি জানান, মেসের জীবন সুখকর নয়। হাজারো সমস্যা। পরিবেশ ভালো নয়। টয়লেট, পানি, বিদ্যুৎ-সমস্যা প্রকট।