বুয়েট, জাহাঙ্গীরনগর ও বদরুন্নেছায় ছাত্রলীগের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সরকারি বদরুন্নেছা কলেজে নতুন কমিটি গঠন করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলো ডটকমকে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। বুয়েটে ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে আমিনুল হক ওরফে পলাশকে। নিয়াজ, ফায়রুজ, পার্থ, ইমরান, উজ্জ্বল ও সাধনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এই আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি করা হয়েছে এক বছরের জন্য। মাহমুদুর রহমান ওরফে জনিকে কমিটির সভাপতি ও রাজিব আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দশজনকে করা হয়েছে সহসভাপতি, চারজনকে যুগ্ম সম্পাদক আর পাঁচজনকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক। এর আগে ২০১০ সালের ১৯ মে রাশেদুল ইসলাম শাফিনকে সভাপতি ও নির্ঝর আলম সাম্যকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি গঠনের পরপরই ৫ জুলাই আল বেরুনি হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর ওই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়। সরকারি বদরুন্নেছা কলেজ ছাত্রলীগের সভাপতি করা হয়েছে সাবিনা আক্তারকে। এক বছর মেয়াদের এই কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদা পারভীন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলো ডটকমকে জানান, বুয়েটে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি করা হয়েছে। সেখানে ৬ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে ওই দিন নতুন কমিটি গঠন করা হবে। আর জাহাঙ্গীরনগরে যাঁদের নিয়ে কমিটি করা হয়েছে, তাঁরা সবাই পরিচ্ছন্ন ভাবমূর্তির। নতুন এই কমিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন নাজমুল।