বুয়েট খুললেও ক্লাস হচ্ছে না
দীর্ঘ ৪৪ দিন পর আজ শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) খুলেছে। তবে ক্লাস হচ্ছে না। শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন না। শিক্ষার্থীদের উপস্থিতিও একেবারে কম। আদালতের নিষেধাজ্ঞা থাকায় শিক্ষক সমিতির ব্যানারে কোনো আন্দোলন না হলেও শিক্ষকেরা ব্যক্তিগত পর্যায়ে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতিবাদ অব্যাহত রেখেছেন।ক্লাস না হওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য এস এম নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘খোলার প্রথম দিন বলে এমন পরিস্থিতি।’ তিনি জানান, ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হবে।শিক্ষকদের ক্লাসে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আপনারাই দেখছেন ক্লাস হচ্ছে না। তবে আদালতের প্রতি সম্মান জানিয়ে শিক্ষক সমিতির ব্যানারে কিছু করা হচ্ছে না।’আদালতের নিষেধাজ্ঞার কারণে শিক্ষক সমিতির ব্যানারে কোনো আন্দোলন কর্মসূচি পালন করছেন না শিক্ষকেরা। তবে ব্যক্তিগত পর্যায়ে শিক্ষকেরা শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকছেন। ক্যাম্পাসে অনেক শিক্ষককেই কালো রঙের টি-শার্ট পরতে দেখা গেছে। এসব টি-শার্টের সামনের দিকে ইংরেজিতে লেখা ‘সেভ বুয়েট, রিমোভ ভিসি-প্রোভিসি’। টি-শার্টের পেছনের দিকে বাংলায় লেখা ‘বুয়েট বাঁচান, ভিসি-প্রোভিসিকে অপসারণ করুন’।এমন টি-শার্ট পরা একজন শিক্ষক বললেন, কে কোন পোশাক পরবেন, এটা ব্যক্তিগত বিষয়। তিনি এমন টি-শার্ট পরা শিক্ষকদের ব্যক্তিগত পছন্দ বলে উল্লেখ করেন।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে ৭ এপ্রিল বুয়েট শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই তাঁরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। এরই মধ্যে ১০ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে ১১ জুলাই ৪৪ দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করেন। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ আন্দোলনে যোগ দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। গত ৩১ জুলাই আদালত শিক্ষক সমিতির আন্দোলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এরপর শিক্ষকেরা আন্দোলন স্থগিত করেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্লাস-পরীক্ষা শুরু হয়নি।