বুয়েট খুললেও শ্রেণীকক্ষে যাননি শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৪৪ দিন পর গতকাল শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) খুললেও শিক্ষকেরা শ্রেণীকক্ষে যাননি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। এমনকি ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যের ডাকা বৈঠকে পাঁচজনের মধ্যে মাত্র একজন ডিন উপস্থিত ছিলেন।আদালতের নির্দেশে শিক্ষক সমিতি আন্দোলন স্থগিত করলেও বুয়েট পরিবার নামে গতকাল বিশ্ববিদ্যালয়ে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। ‘সেভ বুয়েট’ শিরোনামের ওই প্রচারপত্রে শিক্ষকদের ২৫ আগস্ট (গতকাল) থেকে পূর্ণ কর্মবিরতি এবং একাডেমিক কাউন্সিলের সভাসহ উপাচার্য ও সহ-উপাচার্যের আহ্বান করা সব ধরনের সভা বর্জনসহ সর্বাত্মক অসহযোগের কথা বলা হয়। এ অবস্থায় ভর্তি পরীক্ষাসহ বুয়েটের শিক্ষা কার্যক্রম অনিশ্চিত থেকে যাচ্ছে। শিক্ষকেরা জানিয়েছেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় শিক্ষক সমিতির ব্যানারে তাঁরা কোনো আন্দোলন করবেন না। কিন্তু উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে তাঁরা ব্যক্তিগতভাবে শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকবেন।ব্যক্তিগতভাবে ও বিভিন্ন কৌশলে গতকাল শিক্ষকেরা প্রতিবাদ জানিয়েছেন। গতকাল কয়েকজন শিক্ষককে পরিধেয় পোশাকের ওপর কালো রঙের গেঞ্জি পরতে দেখা গেছে। এর সামনের দিকে ইংরেজিতে লেখা ছিল ‘সেভ বুয়েট, রিমুভ ভিসি-প্রোভিসি’। আর পেছনের দিকে বাংলায় লেখা ‘বুয়েট বাঁচান, ভিসি-প্রোভিসিকে অপসারণ করুন’।এমন গেঞ্জি পরে থাকা একজন শিক্ষক বলেন, ‘কে, কোন পোশাক পরবেন, সেটা যাঁর যাঁর ব্যক্তিগত বিষয়। এখানে কারও কিছু বলার নেই।’এর শুরুতে বলা হয়, ‘উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে আমরা অটল। বুয়েটের সুনাম ও ঐতিহ্য রক্ষায় আমরা সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী আজ ঐক্যবদ্ধ।’শিক্ষকদের ক্লাসে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আপনারাই দেখছেন ক্লাস হচ্ছে না। তবে আদালতের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষক সমিতির উদ্যোগে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না।’এক প্রশ্নের জবাবে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, সমিতির সর্বশেষ সাধারণ সভায় বলা হয়, বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্যের অধীনে বুয়েটের শিক্ষা কার্যক্রম তথা সার্বিকভাবে বুয়েট নিরাপদ নয়। তাই তাঁদের অপসারণের দাবি এখনো আছে।গতকাল বুয়েটে গিয়ে দেখা গেছে ছুটির আমেজ। শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। শিক্ষকেরা বিভাগের অফিস কক্ষে গেলেও শ্রেণীকক্ষে যাননি।ক্লাস না হওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খোলার প্রথম দিন বলে এমন পরিস্থিতি হয়েছে। তিনি জানান, ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হবে।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল বুয়েট শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই তাঁরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। এরই মধ্যে ১০ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে ১১ জুলাই ৪৪ দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করে। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ আন্দোলনে যোগ দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। গত ৩১ জুলাই আদালত শিক্ষক সমিতির আন্দোলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এরপর শিক্ষকেরা আন্দোলন স্থগিত করেন। গতকাল বিশ্ববিদ্যালয় খোলার পর তাঁরা প্রত্যেকে নতুনভাবে আন্দোলন শুরু করেছেন।