বুয়েট শিক্ষকের সাত বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রভাষক হাফিজুর রহমানকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ রায় দেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(১) ধারায় পাঁচ বছর এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় দুই বছর—মোট সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এই প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে নিম্ন আদালতে কোনো মামলার রায় হলো। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শাহ আলম তালুকদার ও তাপস কুমার পাল। কিন্তু আসামি পলাতক থাকায় তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। হাফিজুর রহমান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক ছিলেন। ঘটনার পর তিনি চাকরি থেকে ইস্তফা দেন বলে জানা গেছে। মামলায় অভিযোগ করা হয়, হাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ফেসবুকে লেখেন, ‘হায়েনা ওই হায়েনা, তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি...পারবি না। আমরা বুয়েটের শিক্ষকেরা ও সাধারণ ছাত্রছাত্রীরা হচ্ছি শিকারি। প্রথম তোর মাথাতে গুলি করব, তারপর তোর পেটে, তারপর মাথা কেটে বুয়েটের গেটের সামনে টাঙিয়ে রাখব...।’ গত বছরের ১৯ এপ্রিল এ বিষয়ে দৈনিক ভোরের কাগজ-এ সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জননেত্রী পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত করে গত বছরের ১৭ জুন হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয়। রাষ্ট্রপক্ষ পাঁচজনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করে। রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে সক্ষম হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এ সাজা দেওয়া হলো। আসামি হাফিজুর রহমান জামিন নিয়ে পলাতক রয়েছেন। তিনি যেদিন গ্রেপ্তার হবেন বা আত্মসমর্পণ করবেন, সেদিন থেকে এ রায় কার্যকর হবে।