বুয়েট সমস্যার সমাধানে নেপথ্যে চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের নেপথ্যে তৎপরতা চলছে। তবে সরকারের তরফে কয়েক দফা বৈঠক হলেও সমাধানের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে, বুয়েটের অনির্ধারিত ছুটি প্রত্যাহার চেয়ে হাইকোর্টে করা রিটের বিষয়ে আজ মঙ্গলবার আদেশ দেওয়ার কথা।বুয়েটে বিরাজমান সমস্যা সমাধানের জন্য ভেতরে ভেতরে যে চেষ্টা চলছে, তার অংশ হিসেবে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও বুয়েটের সাবেক ছাত্র প্রকৌশলী নুরুন্নবী গত রোববার শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন। এ অবস্থায় শিক্ষকেরাও আন্দোলনে কিছুটা নমনীয়তা দেখাচ্ছেন। এ জন্য গতকাল সোমবার অনুষ্ঠিত বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভায় নতুন কোনো কর্মসূচি দেওয়া হয়নি; বরং কিছুটা সময় দিয়ে আগামী ৬ আগস্ট তাঁরা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। তবে শিক্ষকদের দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।বুয়েট সংকট নিয়ে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী একান্ত বৈঠক করেন।বৈঠকে বুয়েটের সংকট কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। সভায় উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দিলে কী হবে কিংবা দুজনকে একসঙ্গে না সরিয়ে একজনকে সরালে কী হতে পারে, এসব বিষয়ে আলোচনা হয়। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আমরা বুয়েটের বিষয়গুলো পর্যালোচনা করেছি। সমাধানের জন্য আর কী কী করা উচিত, সেগুলো আলোচনা করেছি। কিছু সিদ্ধান্তও নিয়েছি। তবে এগুলো টেকনিক্যাল বিষয়।’ওই ‘টেকনিক্যাল’ বিষয় নিয়ে মন্ত্রী বিস্তারিত কিছু বলতে চাননি।বৈঠকের একটি সূত্র প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রীর মতামতের ওপরই পরবর্তী সিদ্ধান্ত হবে। এ জন্য বৈঠকের আলোচনার বিষয়বস্তু তাঁকে জানানো হবে।৬ আগস্ট পরবর্তী কর্মসূচি: আন্দোলনরত বুয়েট শিক্ষক সমিতি পরবর্তী কর্মসূচি ঠিক করতে গতকাল পূর্বনির্ধারিত সাধারণ সভায় বসে। সভায় স্থগিত করা গণপদত্যাগ কর্মসূচিসহ আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণের কথা থাকলেও নতুন কোনো সিদ্ধান্ত হয়নি।বৈঠকের বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সভায় উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে চরম অনাস্থা পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে সমিতি স্মারকলিপি দেওয়ার পর রাষ্ট্রপতি ও আচার্যের কার্যালয়ের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় এটি নিয়ে আলোচনা করছে। এ ছাড়া প্রধানমন্ত্রী আজই (গতকাল) বিদেশ থেকে দেশে ফিরেছেন। এ জন্য আন্দোলন ও গণপদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৬ আগস্ট সমিতির পরবর্তী সাধারণ সভায় এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।’নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির একজন নেতা প্রথম আলোকে বলেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও বুয়েটের সাবেক ছাত্র প্রকৌশলী নুরুন্নবী সংকট সমাধানের জন্য মধ্যস্থতা করছেন। এ জন্য গত রোববার তাঁরা বুয়েটে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। পরে রাতেও শিক্ষক সমিতির দুজন নেতা আবুল মকসুদের বাসায় সভা করেন।সূত্রমতে, শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষপর্যায়ের কর্মকর্তা আবুল মকসুদকে বুয়েটের সমস্যা সমাধানে কিছু করার জন্য বলেন। মূলত এর পরই আবুল মকসুদ এ উদ্যোগ নেন।এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, ‘এইচএসসির ফল প্রকাশের পর বুয়েটেই সবচেয়ে আগে ভর্তির কাজ হতো। কিন্তু এবার ভর্তি নিয়ে বিরাট একটা সমস্যা তৈরি হয়েছে। এ জন্য আমরা চাই, দ্রুতই বুয়েটের সমস্যার সমাধান হোক।’সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সরকার একসঙ্গে উপাচার্য ও সহ-উপাচার্যকে সরাতে চায় না। সহ-উপাচার্যকে সরিয়ে দিলে যদি বুয়েটের পরিস্থিতি শান্ত হয়, তবে সেটা করতে তারা রাজি আছে। তবে বুয়েটের আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্য ও সহ-উপাচার্য—দুজনকেই অপসারণ করার দাবিতে অনড়। এ দাবিতে তাঁরা ১১ জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন। এর আগেও তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।