বুয়েট: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জানিয়ে সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংকট নিরসনের লক্ষ্যে ডাকা বৈঠকে আমরা সবার মতামত নিয়েছি। এখন এগুলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দ্রুত জানিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’বুয়েটের সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাবেক উপাচার্য ও কয়েকজন কৃতী শিক্ষার্থীকে নিয়ে আজ সোমবার বৈঠক করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৈঠক শেষ তিনি সাংবাদিকদের এ কথা জানান।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক সমিতিকে বাদ দিয়ে দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়ে বেলা পৌনে তিনটা পর্যন্ত তা চলে।বুয়েটে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এ জন্য তিনি আন্দোলন থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন।বৈঠকে বুয়েটের সাবেক উপাচার্য এম এইচ খান, আবদুল মতিন পাটোয়ারী ও ইকবাল মাহমুদ, সাবেক শিক্ষক জামিলুর রেজা চৌধুরী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের সভাপতি নুরুল হুদা যোগ দেন।শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ সভায় সরকারের পক্ষে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।এদিকে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কমচারীরা প্রশাসনিক ভবনের সামনে দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন।বুয়েটের সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার পরামর্শ দিয়েছেন। কিন্তু বুয়েট শিক্ষক সমিতি জানিয়েছে, উপাচার্যের সঙ্গে শিক্ষকেরা আলোচনা করবেন না। এ দাবিতে তাঁরা রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমানের কাছে গতকাল রোববার স্মারকলিপি দিয়েছেন।উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে ১৬টি অনিয়মের অভিযোগ তুলে কয়েক মাস ধরেই বুয়েটের শিক্ষক সমিতি আন্দোলন করছে। যদিও উপাচার্য ও সহ-উপাচার্য দুজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।গত ৭ এপ্রিল থেকে শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। লাগাতার ২৮ দিন কর্মবিরতির পর ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা ৫ মে থেকে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন। গত ৯ জুন সমিতির সভায় ৩০ জুনের মধ্যে উপাচার্য ও সহ-উপাচার্যকে পদত্যাগ করতে সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে তাঁরা পদত্যাগ না করায় ৭ জুলাই থেকে প্রতীকী কর্মবিরতি চলতে থাকে। ১৪ জুলাই থেকে তাঁরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।এরই মধ্যে ১০ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে ১১ জুলাই থেকে ৪৪ দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করে। এরপর শিক্ষক সমিতি পদত্যাগ শব্দটি বাদ দিয়ে উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ১১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে তাঁরা লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে আসছেন।