বুয়েটে আজ ফের অবস্থান ধর্মঘট
বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ না করায় দুই দিন বিরতির পর আজ শনিবার থেকে ফের অবস্থান কর্মসূচি শুরু করবেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যদিকে আলোচনা শুরুর পর বুয়েট শিক্ষক সমিতি কর্মসূচি ঘোষণা করায় বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিপাকে পড়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।সূত্রমতে, গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় বুয়েটের সাবেক উপাচার্য, কৃতী সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সংকট নিরসনে আলোচনার জন্য সভা আহ্বান করে। ওই সভা শেষ হওয়ার পর শিক্ষক সমিতি উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ না করলে রোববার গণপদত্যাগের ঘোষণা দেয়। সূত্রমতে, আলোচনার বিষয়বস্তু প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আগেই এ ধরনের কর্মসূচিতে তিনি বিরক্ত হন। শিক্ষকদের আন্দোলনের ফলে প্রধানমন্ত্রীর মধ্যে দাবি মেনে নেওয়ার যে মনোভাব তৈরি হয়েছিল তাতে পরিবর্তন আসে।বুয়েটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, আলোচনা শুরুর পর অপেক্ষা না করে গণপদত্যাগের ঘোষণা দেওয়ায় এগোনোর পথ বন্ধ হয়ে গেছে।বুয়েট শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আজ আবারও বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করা হবে। সরকারের অনমনীয় অবস্থানের বিষয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বুয়েট পরিবারের আলোচনায় সবাই মত দিয়েছেন উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ করতে হবে। আমরাও আশা করছি, বুয়েটের ঐতিহ্য রক্ষা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার সে মত গ্রহণ করবে।’কাল রোববার পূর্বঘোষিত গণপদত্যাগের বিষয়ে তিনি বলেন, গত সোমবার শিক্ষক সমিতির সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত এর কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, সরকার যদি মনে করে সিদ্ধান্ত নিতে তাদের আরও সময় প্রয়োজন সে ক্ষেত্রে সাধারণ সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে গত ৭ এপ্রিল থেকে শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। লাগাতার ২৮ দিন কর্মবিরতির পর ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা ৫ মে থেকে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন। গত ৯ জুন সমিতির সভায় ৩০ জুনের মধ্যে উপাচার্য ও সহ-উপাচার্যকে পদত্যাগ করতে সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে তাঁরা পদত্যাগ না করায় ৭ জুলাই থেকে প্রতীকী কর্মবিরতি চলতে থাকে। ১৪ জুলাই থেকে তাঁরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। গত সপ্তাহে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সভা ডাকে, শিক্ষা মন্ত্রণালয় দুই দিনের জন্য আন্দোলন স্থগিত করে এবং শিক্ষকেরা রোববার গণপদত্যাগের ঘোষণা দেন।