বুয়েটে আন্দোলন চলছে, পরবর্তী সিদ্ধান্ত ৬ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপদত্যাগসহ আন্দোলনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আগামী ৬ আগস্ট আবার বৈঠক বসবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি। তত দিন পর্যন্ত চলমান প্রতীকী অবস্থান ধর্মঘট চলবে এবং গণপদত্যাগের বিষয়টিও স্থগিত থাকবে। আজ সোমবার শিক্ষক সমিতির সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘সভায় উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে চরম অনাস্থা পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে আমাদের স্মারকলিপি দেওয়ার পর যেহেতু রাষ্ট্রপতি ও আচার্যের কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে আলোচনা করছে। তা ছাড়া প্রধানমন্ত্রীও আজই বিদেশ থেকে দেশে ফিরেছেন। এ জন্য আমরা আন্দোলন ও গণপদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আগামী ৬ আগস্ট সমিতির পরবর্তী সাধারণ সভায় এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।’বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে ১১ জুলাই থেকে বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা লাগাতার আন্দোলন করে আসছেন। এর আগেও তাঁরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেন।