বুয়েটে আবার ক্লাস শুরু
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আজ শনিবার ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে যোগ দিয়েছেন। প্রাণচঞ্চল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। বুয়েটের রেজিস্ট্রার এ কে এম মাসুদ প্রথম আলো ডটকমকে জানান, কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেছেন। সকাল থেকে পুরোদমে ক্লাস চলছে। এখন পর্যন্ত কোনো সমস্যার কথা শোনা যায়নি। ৯ এপ্রিল বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের বুয়েট শাখার আহ্বায়ক কমিটির সদস্য আরিফ রায়হানকে হলে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি চিকিত্সাধীন। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। এ ঘটনায় বুয়েটের প্রধান ফটক ও বুয়েট ক্যাম্পাসে প্রবেশের দুটি পথ অবরোধ করে রাখা হয়। বেশ কয়েক দিন বন্ধ থাকে সব ক্লাস। ক্লাস শুরু হওয়ার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ওই ঘটনায় দোষীদের শনাক্ত করতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। আরিফ রায়হানকে ছুরিকাঘাতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেজবাহ উদ্দিন নামের এক ছাত্রকে আটক করেছে চকবাজার থানা পুলিশ। তিনি পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।