বুয়েটে উপাচার্য, সহ-উপাচার্যের কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য ও সহ-উপাচার্য পদত্যাগ না করায় পূর্বঘোষিত কর্মসূচি পালনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে জড়ো হয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।শিক্ষক-শিক্ষার্থীরা আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে বুয়েটের পুরকৌশল ভবনের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন। এ সময় উপাচার্য ও সহ-উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করা হয়।বেলা সাড়ে ১১টায় তাঁরা মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গেলে পুলিশ মিছিলটি থামিয়ে দেয়। পুলিশ আদালতের নির্দেশনা দেখিয়ে বলে, ‘মিছিল করা যাবে না। তাহলে আদালত অবমাননা হবে।’ এ সময় শিক্ষার্থীরা পাল্টা যুক্তি দেখালে তারা বাধা না দিয়ে চলে যায়। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও প্রশাসনিক ভবনের সামনে যায়। সেখানেই আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করছেন। পদত্যাগের ব্যাপারে উপাচার্য ও সহ-উপাচার্যের সিদ্ধান্ত জানতে তাঁদের কার্যালয়ে গেছেন শিক্ষকেরা। তবে উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমান তাঁদের কার্যালয়ে নেই। তাঁদের না পেয়ে শিক্ষকেরা ওই কার্যালয়েই অবস্থান করছেন।দুপুর ১২টার দিকে ক্যাফেটেরিয়ার সামনে থেকে ছাত্রলীগ একটি মিছিল বের করে। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। তবে শিক্ষকদের হস্তক্ষেপে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।সকাল থেকেই ক্যাম্পাসের প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।গতকাল শনিবার শিক্ষক ও শিক্ষার্থীরা পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার জন্য উপাচার্য ও সহ-উপাচার্যকে আজ রোববার সকাল ১০টা সময় বেঁধে দিয়েছিলেন।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল বুয়েট শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। প্রায় এক মাস পর প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই তাঁরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। এরই মধ্যে ১০ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে ১১ জুলাই ৪৪ দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করেন। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ আন্দোলনে যোগ দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। গত ৩১ জুলাই আদালত শিক্ষক সমিতির আন্দোলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এরপর শিক্ষকেরা আন্দোলন স্থগিত করেন। কিন্তু শিক্ষকেরা ব্যক্তিগত পর্যায় থেকে ক্লাসে না যাওয়ায় ৪৪ দিন পর গত ২৫ আগস্ট বুয়েট খুললেও ক্লাস বা পরীক্ষা হচ্ছে না। অনিশ্চিত হয়ে পড়েছে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।