বুয়েটে কাল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলন স্থগিত করা শিক্ষার্থীরা কাল শনিবার বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ০৭ ব্যাচের শিক্ষার্থীরা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।০৭ ব্যাচের পক্ষ থেকে প্রথম আলো ডটকমকে জানানো হয়, কাল শনিবার বেলা ১১টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবেন। উপাচার্য ও সহ-উপচার্যের পদত্যাগের দাবিতেই তাঁদের এ কর্মসূচি।স্থগিত করার পর আবার কেন আন্দোলনে নামছেন—এ প্রশ্নের জবাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, হাইকোর্ট শিক্ষক সমিতির আন্দোলনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শিক্ষক সমিতি আন্দোলন স্থগিত রেখেছে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কিছু বলা হয়নি দাবি করে তাঁরা বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন।দীর্ঘ ৪৪ দিন পর গত ২৫ আগস্ট বুয়েট খুললেও ক্লাস হচ্ছে না। আদালতের নিষেধাজ্ঞা থাকায় শিক্ষক সমিতির ব্যানারে কোনো আন্দোলন না হলেও শিক্ষকেরা ব্যক্তিগত পর্যায়ে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতিবাদ অব্যাহত রেখেছেন।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল বুয়েট শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই তাঁরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। এরই মধ্যে ১০ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে ১১ জুলাই থেকে ৪৪ দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করেন। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ আন্দোলনে যোগ দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। গত ৩১ জুলাই আদালত শিক্ষক সমিতির আন্দোলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এরপর শিক্ষকেরা আন্দোলন স্থগিত করেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্লাস-পরীক্ষা শুরু হয়নি।