বুয়েটে ক্লাস শুরু
দীর্ঘ ৬৫ দিন বন্ধ থাকার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আজ শনিবার ক্লাস শুরু হয়েছে। সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণে বুয়েট ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছে।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম জানান, চলতি সপ্তাহে একাডেমিক কাউন্সিলের সভা ডেকে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জানান, দীর্ঘদিন বন্ধের কারণে যে সেশনজট হয়েছে, তা কাটিয়ে উঠতে শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস নেবেন।বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে গত ৭ এপ্রিল শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। লাগাতার ২৮ দিন কর্মবিরতির পর ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা ৫ মে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।৯ জুন সভা করে ৩০ জুনের মধ্যে উপাচার্য ও সহ-উপাচার্যকে পদত্যাগ করতে সময় বেঁধে দেয় শিক্ষক সমিতি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় ৭ জুলাই প্রতীকী কর্মবিরতি শুরু করেন শিক্ষকেরা। এরপর ১৪ জুলাই আবারও লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিলে ১১ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।এরপর শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা একসঙ্গে আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে ২ সেপ্টেম্বর সহ-উপাচার্য হাবিবুর রহমানকে অপসারণ করা হয়।