বুয়েটে ক্লাস শুরু সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১০-২০১১ ও ২০১১-২০১২ শিক্ষাবর্ষের সব অনুষদের স্নাতক পর্যায়ের সব ক্লাস আগামী সোমবার থেকে শুরু হচ্ছে।বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু সিদ্দিক আজ শনিবার প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়েছেন।এর আগে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষকেরা কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেন। সমিতির সভাপতি মুজিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে তাঁরা কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে উপাচার্যের পদত্যাগ ও সহ-উপাচার্যের পদ বিলুপ্তিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম-সংক্রান্ত ১৬ দফা দাবি এখনো কার্যকর থাকবে।গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বুয়েট শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমিতির পক্ষ থেকে বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ, সহ-উপাচার্যের পদ বিলুপ্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।গত ৭ এপ্রিল থেকে এসব দাবিতে শিক্ষকেরা কর্মবিরতি পালন করে আসছেন। বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনায় সংকট নিরসন না হওয়ায় গতকাল প্রধানমন্ত্রী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠক করেন।প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার কথা বিবেচনা করে শিক্ষকদের ক্লাসে যাওয়া উচিত বলে মত দেন।