বুয়েটে গতকালও ক্লাস হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলার দ্বিতীয় দিন গতকাল রোববারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকেরা শ্রেণীকক্ষে যাননি। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আগের দিনের চেয়েও কম। এ পরিস্থিতিতে বুয়েট কর্তৃপক্ষ পরবর্তী করণীয় ঠিক করতে আজ বিকেলে সিন্ডিকেট সভা ডেকেছে।শিক্ষকদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণ ছাড়া শ্রেণীকক্ষে যাওয়াসহ কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন না। ক্লাস না হওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ক্লাস হচ্ছে না, এটা ঠিক নয়। শিক্ষকেরা শ্রেণীকক্ষে যাচ্ছেন না। এটা আদালত অবমাননা। তবে কোনো কোনো শিক্ষক শ্রেণীকক্ষে যাচ্ছেনও।’ উপাচার্য আরও বলেন, ‘আজ সোমবার বিকেলে বুয়েটের সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। আর ভর্তি পরীক্ষা নিয়ে মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভা ডাকার কথা থাকলেও তা বুধবার ডাকা হবে।’সংকট সমাধানের বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মাত্র বুয়েট খুলেছে। আমরাও বিষয়টি পর্যালোচনা করছি। আমরাও সমস্যার সমাধান চাই।’প্রচারপত্রের জন্য জিডি: এদিকে সরকারবিরোধী প্রচারপত্রের জন্য বুয়েট কর্তৃপক্ষ শনিবার মধ্যরাতে থানায় সাধারণ ডায়েরি করেছে।শনিবার বুয়েট পরিবারের নামে ‘সেভ বুয়েট’ (বুয়েট বাঁচাও) শিরোনামের এক প্রচারপত্রে শিক্ষকদের ২৫ আগস্ট থেকে পূর্ণ কর্মবিরতি এবং একাডেমিক কাউন্সিলের সভাসহ উপাচার্য ও সহ-উপাচার্যের আহ্বান করা সব ধরনের সভা বর্জন করে সর্বাত্মক অসহযোগের আহ্বান জানানো হয়।এ ছাড়া বুয়েট পরিবারের নামেই ছড়ানো আরেকটি প্রচারপত্রে সরকারবিরোধী কিছু কথা বলা হয়েছে। উপাচার্য প্রথম আলোকে বলেন, এই প্রচারপত্র কারা বিতরণ করেছেন, সেটা জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।রমনা বিভাগের পুলিশের উপকমিশনার নুরুল ইসলাম ডায়েরি করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘যন্ত্রকৌশল বিভাগের একজন এবং শিল্প ও উৎপাদন কৌশল বিভাগের একজন শিক্ষক নিরাপত্তাকর্মীদের দিয়ে এই প্রচারপত্র বিতরণ করিয়েছেন বলে জানতে পেরেছি।’তবে শিক্ষক সমিতির একজন নেতা মন্তব্য করেন, সরকারবিরোধী কথাবার্তা লেখা প্রচারপত্র বিতরণ করা আসলে ‘কর্তৃপক্ষের ষড়যন্ত্র’।