বুয়েটে ভর্তিপ্রক্রিয়া শুরু করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চলতি বর্ষের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া অবিলম্বে শুরু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই আদালত বুয়েটের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছিলেন। একই সঙ্গে রুলও জারি করেন।ভর্তিপ্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে একটি সম্পূরক আবেদন করেন রিট আবেদনকারী। আজ এ আবেদনের ওপর শুনানি হয়।আদালতে রিট আবেদনকারী ইউনুস আলী আকন্দ নিজেই শুনানি করেন। বুয়েটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।পরে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্ট অবিলম্বে বুয়েটে ভর্তির প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন। বুয়েটের উপাচার্য, ডিন, একাডেমিক কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিক নিয়মেই ভর্তির কার্যক্রম শুরু হবে।গত ১৯ জুলাই ইউনুস আলী আকন্দ জনস্বার্থে রিট আবেদনটি করেন। আবেদনে ১০ জুলাই ৪৪ দিনের জন্য এ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসংক্রান্ত উপাচার্যের আদেশ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আরজি জানানো হয়। রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত বুয়েট ক্যাম্পাসের আইনশৃঙ্খলা রক্ষা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিতে আবেদন করা হয়। এ ছাড়া ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশেও বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়ার আরজি জানানো হয়।