বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ায় সেশনজট আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে একটি শিক্ষাবর্ষ শেষ করতে অতিরিক্ত ছয় থেকে আট মাস লাগছে। সর্বশেষ এই বন্ধের কারণে সেশনজট সব মিলিয়ে ১০ মাসের মতো হতে পারে। এদিকে গত শনিবার দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা তদন্তে গতকাল রোববার একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গতকাল সকালেই হল ছেড়েছেন ছাত্রীরা। শনিবার বিকেলে বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রদের রাতের মধ্যে এবং ছাত্রীদের রোববার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।বুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় ও প্রশাসনিক ভবনে যোগাযোগ করে জানা যায়, বুয়েটে একটি শিক্ষাবর্ষ শেষ হতে অতিরিক্ত ছয় থেকে আট মাস লাগছে। এ ছাড়া প্রায়ই নির্ধারিত সময়ে পরীক্ষা হয় না। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রায় প্রতিটি বিভাগে পরীক্ষার তারিখ ঘোষণা করলেই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই দাবিতে শ্রেণীকক্ষ ও চেয়ারম্যানের কক্ষ ভাঙচুরের ঘটনাও ঘটেছে।এ বিষয়ে বুয়েটের উপাচার্য এ এম এম শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা এগিয়ে আনার জন্য আন্দোলন হয়। আর বুয়েটে নিয়মিতই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যেই আমরা ফলাফল দিয়ে দিই। শিক্ষার্থীদের কারণে তার পরও সেশনজট বাড়ছে।’ তিনি বলেন, ‘এমনিতেই আমাদের সেশন বেশ পিছিয়ে আছে। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার কারণে তা আরও পিছিয়ে যাবে।’পরীক্ষা নিয়ন্ত্রক আবু সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় আগামী ৩ জুলাই পূর্বনির্ধারিত একটি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ফলে ওই শিক্ষার্থীদের স্নাতক শেষ হতে সময় লাগবে।’ তিনি জানান, যেসব শিক্ষার্থী একটু দুর্বল এবং স্বাভাবিকভাবে পাস করা যাদের কষ্টসাধ্য তাদের জন্য বিশেষ বিবেচনায় আদালাভাবে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয়। এর ফলে তারা স্নাতক শেষ করতে পারে। সাপ্লিমেন্টারি পরীক্ষা ছাড়া এ সময়ে আর কোনো পরীক্ষার তারিখ নির্ধারিত নেই।সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবল শুরুর পর ক্লাস বন্ধ রাখার জন্য গত ১৫ জুন শিক্ষার্থীদের একাংশ ছাত্রকল্যাণ পরিচালকের মাধ্যমে উপাচার্যের কাছে আবেদন করে। এর পরদিনই শিক্ষার্থীদের অপর অংশ ক্লাস করতে চেয়ে উপাচার্যের কাছে আবেদন করে। ক্লাস করতে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনে বলা হয়, ‘আমরা এমনিতেই প্রায় এক বছরের মতো সেশনজটে পড়ে আছি। এ অবস্থায় যদি ক্লাস না নেওয়া হয়, তবে এই সেশনজট আরও বাড়বে। তাই আমরা ক্লাস করতে চাই।’তদন্ত কমিটি: গতকাল দুপুর ১২টায় উপাচার্যের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে শনিবারের ঘটনা তদন্তে একজন অধ্যাপককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। তিনি কয়েকজন শিক্ষককে কমিটিতে অন্তর্ভুক্ত করবেন। তবে কমিটির প্রধানের নাম জানানো হয়নি। বৈঠকে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডিন, হল প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালক উপস্থিত ছিলেন।এ বিষয়ে উপাচার্য বলেন, ‘মারামারির কারণ ও এতে জড়িতদের শনাক্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কবে খুলে দিলে ভালো হবে, তাও খতিয়ে দেখবে এই কমিটি।’