বুয়েটের আন্দোলনে ফখরুলের একাত্মতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের প্রত্যাহার দাবি করেছেন। তিনি বুয়েট ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার করা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও তাঁদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানান। আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের শোভাযাত্রার আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব দাবি জানান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। তারেক জামিনে মুক্তি নিয়ে এখন লন্ডনে অবস্থান করছেন। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে অনেক নাটক করে শেষ পর্যন্ত সরকার পরাজিত হয়েছে। এখন বুয়েটের শিক্ষার্থীরা তাঁদের রক্ত ঝরাচ্ছে। এই রক্তেও যদি সরকারের টনক না নড়ে, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। তিনি বলেন, যারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারাই সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বুয়েটের মতো প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আবার তাঁদের নামেই শাহবাগ থানায় মামলা করেছে।বিএনপির এই নেতা বলেন, সরকার তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। এ জন্য মামলা দিচ্ছে। ভবিষ্যতে তারেক রহমান যেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হতে না পারেন, এ জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি ছাত্রদলকে এই ষড়যন্ত্র মোকাবিলায় আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানান। ছাত্রদলের শোভাযাত্রাটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, ইডেন কলেজ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ থেকে আসা হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। তাঁরা তারেক রহমানের নামে বিভিন্ন ব্যানার, লিফলেট, ফেস্টুন বহন করেন। পতাকা উড়িয়ে ও ঢোল-তবলা বাজিয়ে তাঁরা প্রিয় নেতার কারামুক্তি দিবস উদযাপন করেন। শোভাযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, ছাত্রনেতা শহিদুল ইসলাম, আমিরুজ্জামান খান প্রমুখ যোগ দেন।