বুয়েটের ছাত্রের হাত ভেঙে দেওয়ার ঘটনায় তিনজন বরখাস্ত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রকে মারধরের ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রকে ছয় মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুরে শেষ বর্ষের ছাত্র তৌসিফ আহমেদকে মারধর করেন তিন ছাত্র। এতে তাঁর হাত ভেঙে যায়। তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরখাস্ত হওয়া ছাত্ররা হলেন: মেটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র সুজিত সাহা, একই বিভাগের ছাত্র সাইফুল্লাহ শিকদার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফ রায়হান।উপাচার্য ফোনে প্রথম আলো অনলাইনকে জানান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আবদুর রশিদ সরকারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে। কমিটি কাল সোমবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এই প্রতিবেদনের ভিত্তিতে বোর্ড অব রেসিডেন্ট অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি পরবর্তী শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। র্যাগ ডে উপলক্ষে গত বুধবার আয়োজিত কনসার্টে পেছন থেকে সামনে যাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে বিষয়টির মীমাংসা হয়ে যায়। এর পরও গতকাল দুপুরে ওই তিন ছাত্র তৌসিফকে পেটান। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে বুয়েটের হাজার খানেক ছাত্রছাত্রী গতকাল বিকেলে রাস্তায় নেমে আসেন। তাঁরা ওই তিন ছাত্রকে বুয়েট থেকে আজীবন বহিষ্কারের জন্য সহ-উপাচার্য হাবিবুর রহমান এবং ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক আমিনুল ইসলামকে গতকাল বিকেল থেকে আজ সকাল নয়টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।পরে আমিনুল ইসলাম শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি ফোনে প্রথম আলো অনলাইনকে জানান, ‘আমি অসুস্থ এবং ছাত্রদের এ ধরনের আচরণে খুব কষ্ট পেয়েছি। তাই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।’এদিকে, ওই তিন ছাত্রের আজীবন বহিষ্কারের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা রেজিস্টার ভবনের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন।