বুয়েটের শিক্ষকদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা। গতকাল রোববার সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষক সমিতি এই ঘোষণা দিয়েছে।এদিকে বিভিন্ন দাবিতে বুয়েট কমকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ গতকাল বিক্ষোভ ও সমাবেশ করেছে। পাশাপাশি শিক্ষকদের সব ধরনের দাপ্তরিক কাজ থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিরত রয়েছেন।গতকাল ক্লাস শুরুর দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে মানববন্ধন হয়েছে। তবে কর্মসূচিতে বুয়েট শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা গেছে।বুয়েটের বর্তমান উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করে ভূতাপেক্ষ নিয়োগ দেওয়া বঙ্গবন্ধু পরিষদ বুয়েট শাখার সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার কামাল উদ্দীনকে রেজিস্ট্রার করার উদ্যোগ, প্রশাসনের বিভিন্ন পদে দলীয়করণসহ ১৬টি অভিযোগ এনে ৭ এপ্রিল থেকে আন্দোলন করছে বুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে সহ-উপাচার্যের পদটি বিলুপ্তির দাবি জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে। শিক্ষকদের এসব দাবির বিপক্ষে অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা আন্দোলন করছেন।সমাপনী পরীক্ষা শেষ হওয়ায় এত দিন বুয়েটে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ ছিল। ছুটি শেষে গতকাল থেকে শিক্ষার্থীদের নতুন টার্মের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস শুরু হয়নি।এর আগে গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্য এবং শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে উভয় পক্ষকে অনুরোধ করেছিলেন।গতকাল বেলা ১১টায় বুয়েটের পুরকৌশল ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মুজিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ‘বর্তমান প্রশাসনের অনিয়মের কারণে বুয়েট ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। বুয়েটকে বাঁচাতে প্রয়োজনে আরও কিছুদিন কর্মবিরতি পালন করতে হলে আমরা তা-ই করব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’ তিনি বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে বুয়েটে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। কিন্তু তা লঙ্ঘন করে দলীয় ভিত্তিতে বর্তমান উপাচার্যকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সহ-উপাচার্যের প্রয়োজনীয়তা না থাকা সত্ত্বেও নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ওই দুজন মিলে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছেন, যা বুয়েটের দীর্ঘদিনের সুনাম নষ্ট করছে।সংবাদ সম্মেলনে কর্মবিরতির জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি উপস্থাপন করেছে শিক্ষক সমিতি। বিবৃতিতে তাঁরা বলেছেন, দাবি পূরণ হওয়া সাপেক্ষে বুয়েটে স্বাভাবিক অবস্থা ফিরে এলে ক্ষতিপূরণে প্রয়োজনে তাঁরা ছুটির দিনেও ক্লাস নেবেন। শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের নৈতিক সমর্থন কামনা করেন তাঁরা। সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম এবং সহসভাপতি মাকসুদ হেলালী উপস্থিত ছিলেন।প্রতিবাদ: ১৩ এপ্রিল প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত ‘শিক্ষামন্ত্রীর কাছে বুয়েটের শিক্ষকদের দাবি পেশ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছে বুয়েট কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, বুয়েট কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ বর্তমান প্রশাসনের পক্ষ নিয়ে শিক্ষক সমিতির বিরুদ্ধে আন্দোলন করছে না। কর্মকর্তা-কর্মচারীদের একটি দাবির সঙ্গে শিক্ষকদের একটি দাবি সাংঘর্ষিক হওয়ায় কর্মকর্তা ঐক্য পরিষদ শিক্ষকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং শিক্ষক সমিতির বক্তব্য প্রত্যাহারের জন্য আন্দোলন করছে।