বুয়েটের শিক্ষকেরা ক্লাসে যোগ দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকেরা ক্লাসে যোগ দিতে রাজি হয়েছেন। গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বুয়েট শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সমিতির পক্ষ থেকে বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ, সহ-উপাচার্যের পদ বিলুপ্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ৭ এপ্রিল থেকে এসব দাবিতে শিক্ষকেরা কর্মবিরতি পালন করে আসছেন। বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনায় সংকট নিরসন না হওয়ায় গতকাল প্রধানমন্ত্রী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠক করেন।সভা সূত্র জানায়, ভূতাপেক্ষ নিয়োগ দিয়ে একজন কর্মকর্তাকে রেজিস্ট্রার নিয়োগের বিষয়টি স্থগিত করা ও সিন্ডিকেটের সভায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করতে কমিটি গঠনের কথা বৈঠকে তুলে ধরা হয়। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তদন্তে অনিয়ম প্রমাণিত হলে শিক্ষকদের দাবি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকেরা তদন্ত কমিটির একজন সদস্যের বিষয়ে আপত্তি জানালে শিক্ষামন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার কথা বিবেচনা করে শিক্ষকদের ক্লাসে যাওয়া উচিত বলে মত দেন।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কাছে শিক্ষকেরা খোলামেলাভাবে তাঁদের দাবি-দাওয়ার কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী এগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা কর্মবিরতি প্রত্যাহারে সম্মত হলেও তাঁদের ফোরামে বিষয়টি চূড়ান্ত করবেন। জানতে চাইলে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বৈঠক শেষে জানান, প্রধানমন্ত্রী ক্লাসে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর এই পরামর্শের পরিপ্রেক্ষিতে আজ শনিবার সমিতির সভা আহ্বান করা হয়েছে এবং সেখানে তাঁরা করণীয় ঠিক করবেন। এক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, শিক্ষকেরা কর্মবিরতি প্রত্যাহার করতে পারেন।