বুয়েটের সংকট কাটেনি, তৃতীয় দফা বৈঠকেও সমঝোতা হয়নি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংকট এখনো কাটেনি। শিক্ষক সমিতির কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল রোববার রাতে সাবেক দুজন উপাচার্য এবং দুজন নামকরা প্রাক্তন শিক্ষার্থীর মধ্যস্থতায় উপাচার্য ও আন্দোলনরত শিক্ষকেরা তৃতীয়বারের মতো বৈঠক করলেও কোনো সমাধান হয়নি। সাবেক দুজন উপাচার্য ইকবাল মাহমুদ ও এম এইচ খান এবং সাবেক শিক্ষার্থী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি নূরুল হুদা ও বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা সিরাজুল মজিদের মধ্যস্থতায় গতকাল বুয়েট ক্যাম্পাসে এ বৈঠক হয়।বৈঠক শেষে রাত সাড়ে ১১টার পর বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে আমরা আমাদের দাবি বিস্তারিতভাবে তুলে ধরেছি। উনারা বলেছেন, বিষয়গুলো যাচাই-বাছাই করে দেখবেন। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আগের অবস্থানেই আছি। ১ মে আবার বৈঠক হবে।’ উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ এবং সহ-উপাচার্যের পদ বিলুপ্তির দাবিতে ৭ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করছে বুয়েটের শিক্ষক সমিতি। এই আন্দোলনে পুরো বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে।