বুয়েটের ২০ শিক্ষকসহ ২৫ জনের বিরুদ্ধে দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের কক্ষ ভাঙচুর ও চুরির অভিযোগে গতকাল রোববার রাতে ২০ জন শিক্ষকসহ ২৫ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বুয়েটেরই একজন কর্মকর্তা রাজধানীর শাহবাগ থানায় মামলা দুটি করেন।শাহবাগ থানার পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে বুয়েটের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কুদ্দুস খান বাদী হয়ে মামলা দুটি করেন। উপাচার্যের কার্যালয় অনুপ্রবেশ, ভাঙচুর ও চুরির অভিযোগে করা মামলায় (মামলা নম্বর ৪) ২০ শিক্ষক ও পাঁচ ছাত্রকে আসামি করা হয়। সহ-উপাচার্যের কার্যালয়ে অনুপ্রবেশ, ভাঙচুর ও তছনছের অভিযোগে করা মামলায় (মামলা নম্বর ৫) ১৯ শিক্ষক ও পাঁচ ছাত্রকে আসামি করা হয়।প্রথম মামলার আসামিরা হলেন: যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মাকসুদ হেলালী, মাহাবুবুর রাজ্জাক, মো. এহসান, আরিফ হাসান; পুরকৌশল বিভাগের এ বি এম বদরুজ্জামান, ইশতিয়াক আহমেদ, বশির আহমেদ, জাহাঙ্গীর আলম; পানিসম্পদ প্রকৌশল বিভাগের আবদুল মতিন, আতাউর রহমান; ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) প্রধান আবদুল্লাহ হিল আজিম, নাফিস আহমেদ; ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের আমিনুল হক, নাসিম আহমেদ দেওয়ান; কম্পিউটার প্রকৌশল বিভাগের (সিএসই) হুমায়ুন কবীর, কেমিকৌশল বিভাগের সুলতানা রাজিয়া, গ্লাস ও সিরামিকস বিভাগের ফখরুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইসিটি) পরিচালক এস এম লুৎফুল কবীর। যে পাঁচ ছাত্রকে আসামি করা হয়েছে তাঁরা হলেন: সুদীপ্ত, ইতফান, শুভ্র, আমিন বিন খলিল ও তানভীর। পরের মামলায় শিক্ষক ইশতিয়াক আহমেদ ছাড়া প্রথম মামলার বাকি ২৪ জনকে আসামি করা হয়।উপাচার্যের কার্যালয় ভাঙচুরের মামলায় অভিযোগ করা হয়, দুপুর ১২টা ৩৫ মিনিটে অভিযুক্ত শিক্ষকেরা ও আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসির কক্ষে ঢোকেন। তাঁরা রাত পর্যন্ত কক্ষটি দখল করে রাখেন। ভিসির দরজায় থাকা নামফলক ভেঙে ফেলা হয়। কার্যালয়ে ব্যক্তিগত নগদ তিন লাখ টাকাসহ ব্যাংকের যাবতীয় কাগজপত্র ও চেকবই, বাড়ির দলিলপত্র ও কয়েকটি জিনিস, গুরুত্বপূর্ণ কাগজ তাঁরা চুরি করে নিয়ে গেছেন। গতকাল রাত ১২টার দিকে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম একদল পুলিশ নিয়ে বুয়েট ক্যাম্পাসে যান। তিনি বলেন, বুয়েট প্রশাসনের একজন কর্মকর্তা কক্ষ ভাঙচুর ও নথি হারিয়ে যাওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন। এ ছাড়া হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, এখানে কোনো ধরনের আন্দোলন করা যাবে না। এই পরিস্থিতিতে পুলিশ এখানে পরিদর্শনে এসেছে। শিক্ষার্থীদের বলা হয়েছে, তাঁরা মাইক ও প্যান্ডেল ব্যবহার করতে পারবেন না।