বৃক্ষমেলায় একচক্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচা-পাকা আম ঝুলছে গাছে গাছে। হাত বাড়ালেই এগুলোর নাগাল পাওয়া যাচ্ছে। খাওয়ার লোভ জাগলেও খাওয়ার সুযোগ নেই। একনজর দেখেই শান্ত থাকতে হচ্ছে। চেখে দেখতে চাইলে গাছ কেনা ছাড়া উপায় নেই। তাহলে ফলও খাওয়া হবে, আবার বাড়ির ছাদে কিংবা খোলা জায়গায় গাছটিও থেকে যাবে। শুধু কি আম; লিচু, ডালিম, লটকন, আতা, আমলকী, পেয়ারা, জামরুল, সফেদা, বাউকুল, আঙুর, কমলাসহ কত রকমের ফল যে গাছে ঝুলে রয়েছে, তার হিসাব নেই।শুধু ফলদ গাছ নয়, বৃক্ষমেলায় মিলছে বাহারি ফুল ও পাতার নানা রকম গাছ। মিলছে ঔষধি ও বনজ গাছ। বৃক্ষমেলার আসর বসেছে বাণিজ্য মেলার মাঠে। এবারের মেলার প্রতিপাদ্য ‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’। এর আয়োজক বন অধিদপ্তর।বৃক্ষমেলার কারণে বিশাল এক বাগানে পরিণত হয়েছে বাণিজ্য মেলার মাঠ। দেশি-বিদেশি হাজার রকমের গাছে ভরে আছে সেই বাগান। গাছ চেনা, গাছ কেনা কিংবা গাছের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে প্রকৃতিপ্রেমীরা ছুটছেন বৃক্ষমেলায়। সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নার্সারিগুলো এখানে গাছ নিয়ে হাজির হয়েছে।মেলার প্রথম দিনেই গাছের খোঁজে এসেছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গাছ দেখে তাঁর সংগ্রহে না থাকা গাছ কিনছিলেন। তিনি বলেন, ‘গাছের যে কত গুরুত্ব, তা বলার অপেক্ষা রাখে না। দুনিয়ার সব অক্সিজেন নিয়ে আমরা খরচ করে ফেলছি। তাই যত বেশি গাছ থাকবে, তত বেশি অক্সিজেন পাব আমরা। ছোটবেলায় দেখতাম, চারপাশে এমনিতেই হাজারো গাছ জন্মায়। তখন কেউ খুব একটা গাছ কিনত না। এখন গাছের জন্য এত বড় মেলা হচ্ছে। এই যে সবাই গাছ কিনছে, এটা খুবই আশার কথা। যার গাছ লাগানোর জায়গা নেই। সেও গাছ কিনছে বাড়ির ছাদে বাগান করতে।’মেলায় ফুলের গাছের মধ্যে আছে: গোলাপ, কামিনী, জুঁই, সন্ধ্যামালতি, শিউলি, বাগানবিলাস, কাঠগোলাপ প্রভৃতি। আর একই গাছ যে কত ধরনের হতে পারে, জাতীয় উদ্ভিদ উদ্যান ও বলধা বাগানের স্টলে গেলেই আঁচ করা যায়। ওল্ডম্যান, ম্যামেলারিয়া, গ্রাফটিং, স্নো বেলি, গোল্ডেন ব্যারেল, রুবিসহ শুধু ক্যাকটাসই রয়েছে এখানে কয়েক প্রজাতির। পাশাপাশি রয়েছে দুর্লভ কিছু গাছও।অন্য দিকে গাছের ফুল কিংবা ফল যেমন বাহারি, গাছের নামও কিন্তু বাহারি কম নয়। গোল্ডেন সাওয়ার, লাল প্যাশন ফুল, আলুবোখারা, ড্রাগন ফুড, শিবজটা, ক্যারেক্স, ড্রাসিনা, বিদ্যাপাতা, কোকো, সাইকাস, তসবি, গামার, স্বর্ণলতা, হাড়জোড়া, শতমূলী, শ্বেতচন্দন, হাতিশুঁড়, ইউফরবিয়া—দেশি-বিদেশি এই নামগুলোও বাহারি। আবার কেলাবাঁশ নামের গাছটিকে কেউ বাঁশ মনে করলে ভুলই হবে। পোলাওপাতা গাছের একটা পাতা কোনো খাবারে মেশালে তাতে পোলাওয়ের গন্ধ পাওয়া যাবে! মজার মজার এসব গাছ ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করতে হবে। কেননা বৃক্ষপ্রেমীদের ভিড় কিন্তু দিন দিন বাড়ছেই। তাঁদের বেশির ভাগই গাছ হাতে নিয়ে ফিরছেন বাড়িতে। আবার কেউ কেউ গাছের সঙ্গে পরিচিত হতে, একটু নির্মল শ্বাস নিতেও ঢুঁ মারছেন।মেলায় গাছের পাশাপাশি টব, সার, কীটনাশক, গাছ লাগানো ও পরিচর্যার যাবতীয় উপকরণ এবং গাছ সম্পর্কে ধারণার জন্য বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। বৃক্ষমেলা সম্পর্কে বন অধিদপ্তরের সহকারী বন সংরক্ষক আবদুল্লাহ আব্রাহাম হোসেন বলেন, ‘মূলত বৃক্ষরোপণ অভিযানে জোর দিতেই এমন আয়োজন। মেলার কারণে সবাই একসঙ্গে নানা প্রজাতির গাছ কিনতে পাচ্ছে। আবার জাতীয়ভাবে মেলা করায় গ্রামেও এখন বৃক্ষমেলা হচ্ছে। এতে সবাই গাছ কেনার প্রতি আগ্রহী হচ্ছে।’ প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেলা। ৩০ জুন মেলার সমাপনী দিন।