বৃক্ষমেলায় মসলাজাতীয় চারা
রাজিয়া বেগম মোহাম্মদপুর থেকে বৃক্ষমেলায় এসেছেন কিছু গাছের চারা কিনবেন বলে। তিনি গ্রিনল্যান্ড নার্সারি থেকে তেজপাতা, পোলাওপাতা, কারিপাতা, এলাচি, লং ও দারুচিনির একটি করে চারা কিনলেন। অন্যান্য গাছের চারা বাদ দিয়ে মসলাজাতীয় গাছের চারা কিনছেন কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ছোট্ট একটি বাড়ি আছে। অবসর পেলেই বাড়ির ছাদে ঘুরতে যাই। গত বছর ছাদে বাগান করেছি। সেই বাগানের জন্যই এই মসলার চারা কিনেছি। আমাদের রান্নাবান্নায় সব সময়ই মসলা লাগে। তাই ভেবেছি, বাগানের একটি ছোট্ট অংশে যদি মসলাজাতীয় গাছ থাকে, তবে মাঝেমধ্যে এখান থেকেই রান্নার বিভিন্ন মসলা পাওয়া যাবে।’তাঁর মতো আরও অনেকেই বৃক্ষমেলা থেকে মসলা গাছের চারা কিনেছেন। কারণ এমনিতে একই সঙ্গে এত রকম মসলাজাতীয় গাছের চারা পাওয়া যায় না। শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠে চলছে এ মেলা। মেলার একাধিক নার্সারিতে দেখা গেছে মসলাজাতীয় উদ্ভিদের চারা। মেলায় মসলাজাতীয় চারা বেচাবিক্রি সম্পর্কে গ্রিনল্যান্ড নার্সারির পরিচালক হারুন অর রশীদ বলেন, ‘ফলদ, বনজ ও ঔষধি গাছের চারার পাশাপাশি মসলার চারাও এখন ভালো বিক্রি হচ্ছে। অনেকেই বাড়ির ছাদে বাগানের জন্য কিনছেন এসব চারা।’বৃক্ষমেলায় মসলাজাতীয় গাছের যেসব চারা পাওয়া যাচ্ছে, তার মধ্যে আছে: এলাচি, লং, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, পোলাওপাতা, কারি তুলসী, কারিপাতা, পানবিলাস, জাফরান ও পেস্তা বাদাম। পলিব্যাগ ও মাটির টবে এসব চারা বিক্রি হচ্ছে। চারার ধরন বুঝে দাম কম-বেশি হচ্ছে। এলাচির চারার দাম পড়ছে ৮০ থেকে ১৫০ টাকা, লং ১৫০ থেকে ৩০০ টাকা, দারুচিনি ১২০ থেকে ১৫০ টাকা, তেজপাতা ৫০ থেকে ৩০০, গোলমরিচ ২০০ থেকে ৫০০ টাকা, পোলাওপাতা ৫০ থেকে ৬০ টাকা, কারি তুলসী ২৫০ থেকে ৩০০ টাকা, কারিপাতা ৩০ থেকে ৫০ টাকা, পানবিলাস ১৫০ থেকে ২০০ টাকা, জাফরান ৫০০ থেকে দুই হাজার টাকা ও পেস্তা বাদাম ৫০০ থেকে পাঁচ হাজার টাকা।মেলায় যেসব নার্সারিতে মসলাজাতীয় গাছের চারা পাওয়া যাচ্ছে, তার মধ্যে আছে: পপি নার্সারি, কল্পনা নার্সারি, সুমী নার্সারি, আশুলিয়া নার্সারি, কাশবন নার্সারি, বনরূপা নার্সারি, পরিবেশ-সহায়ক নার্সারি, রাকিব নার্সারি, কিশোরগঞ্জ নার্সারি, বরিশাল নার্সারি, এগ্রো জি, শাহ নাবিল নার্সারি, নাহার নার্সারি, রাশিদা নার্সারি, আরণ্যক নার্সারি, ফয়সাল নার্সারি, পল্লি নার্সারি, রাসেল নার্সারি, গাউছুল আজম নার্সারি, শরিফ নার্সারি, শাহ নার্সারি, ইউনিক নার্সারি, নাটোর নার্সারি প্রভৃতি। বৃক্ষমেলা থেকে মসলাজাতীয় গাছের চারা কিনতে হলে যেতে হবে শিগগিরই। কারণ, ৩০ জুন শেষ হবে এবারের মেলা।