বৃক্ষমেলায় স্বাগতম...
বৃক্ষ তোমার নাম কী? উত্তরটা হওয়া উচিত উপকারী বন্ধু। তাই যাঁরা বৃক্ষের মর্ম বোঝেন, তাঁরা শত কাজ আর ব্যস্ততার মধ্যেও ফাঁকফোকর খুঁজে ঠিকই হাজির হন বৃক্ষমেলায়। এবারের বৃক্ষমেলায়ও তার ব্যতিক্রম হবে না।হরবছর এ আয়োজনে শামিল হয় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। তাদের উপস্থিতিতে বাণিজ্য মেলার চিরচেনা মাঠটি কেমন করে যেন বদলে গেছে শখের বাগানে। ফল আর ফুলের গাছে ভরে গেছে পুরো মাঠটি। বৃক্ষমেলায় এলে পাওয়া যাচ্ছে প্রকৃতির সান্নিধ্য। আর সে জন্যই প্রকৃতিপ্রেমীদের ভিড় দিন দিন বাড়ছে বৃক্ষমেলায়। প্রতিবছর এ মেলা তাদের জন্য নিয়ে আসে অন্য রকম এক সুযোগ। গাছের পাশাপাশি আরেকটু সময় কাটানোর, গাছের সান্নিধ্য পাওয়ার এবং গাছকে আরেকটু একান্তভাবে ভালোবাসার এমন সুযোগ লুফে নিচ্ছেন বৃক্ষপ্রেমীরা। এ মাসের পুরোটাই সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বৃক্ষমেলার দুয়ার খোলা থাকছে।মেলা ঘুরতে ঘুরতে চোখে পড়ল অনেক কিছু। এবারের বৃক্ষমেলায় দেশের প্রান্তিক কৃষি উদ্যোক্তাদের নিজ প্রয়াসে গড়ে ওঠা নার্সারিগুলোই অংশ নিয়েছে বেশি। তাই নানা জাতের গাছের চারা মিলছে এখানে। দেশি গাছ তো আছেই, সেই সঙ্গে আছে হরেক রকম বিদেশি গাছও। তা ছাড়া বাগান করতে যা যা দরকার অর্থাৎ গাছের চারা থেকে শুরু করে টব, মাটি, সার, কীটনাশক, এমনকি বাগান পরিচর্যার নানা উপকরণ, বইপুস্তক—সবকিছুই পাওয়া যাচ্ছে। দাম যে খুব বেশি তাও নয়। অন্য সবকিছু বাদ দিলেও স্টলে স্টলে সাজিয়ে রাখা ফলসুদ্ধ গাছগুলো দেখতে লোভনীয়। এখানে দেশি-বিদেশি নানা ধরনের ফলের গাছ আছে। ছোট ছোট টব আর ড্রামের মধ্যে গজানো এসব ফলের গাছ দেখে প্রাণ জুড়িয়ে যায়। সাধারণ দর্শকেরা যদি তার লোভ কোনোক্রমে সামলাতেও পারেন, বৃক্ষপ্রেমীরা যে এখান থেকে চোখ ফেরাতে পারবেন না, এটা একেবারে নিশ্চিত।নার্সারির পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল আমগাছে থোকায় থোকায় আম ধরে আছে। আর আমের কত যে বিচিত্র জাতের দেখা মিলছে এখানে! ফজলি, ল্যাংড়া, তোতাপুরি, গোপালভোগ তো আছেই, পাশাপাশি হানিডিউ, কিউঝুয়াই, মাদরাজি তোতা, পালমার, কুনাই, মহাচানন, নামদক মাইমান—এসবের চারাও পাওয়া যাচ্ছে।কামরাঙা, লটকন, বিলম্বি, সর্পগন্ধা, অড়বরই, আমড়া, আনার, করমচা, আতা, শরীফা, সফেদা, জামরুল, কমলা, একেবারে খাঁটি দেশি ফল কিংবা স্ট্রবেরির মতো বিদেশি ফলের চারাও মিলছে এখানে। ফলের মতো ফুলের গাছও আছে হাজার রকমের। মেলায় বেড়াতে আসা বৃক্ষপ্রেমীদেরও তাই মেলা নিয়ে উচ্ছ্বাসের সীমা নেই। চারাগাছ কিনতে আসা জহিরুল চৌধুরী তো বলেই বসলেন, ‘এখনো মেলা ঠিকমতো জমেনি, তাতেই কোন চারাটা ফেলে কোন চারাটা কিনব, তাই ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর কদিন পর যখন পুরোদমে মেলা চালু হয়ে যাবে, সব নার্সারি চলে আসবে, তখন কী হবে কে জানে।’