বৃদ্ধ দম্পতিকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর-পশ্চিম কামারগাঁও এলাকা থেকে বৃদ্ধ দম্পতির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই দম্পতির ঘর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।নিহত দম্পতি হলেন—তিনাজ উদ্দিন (৭৫) ও তাঁর স্ত্রী কদবানু (৬৫)। তবে এই দম্পতি হত্যার কারণ পুলিশ জানাতে পারেনি। শ্রীনগর থানার পুলিশ জানায়, নিহত দম্পতি ভিক্ষাবৃত্তি করতেন। আজ সকালে তাঁদের ঘরের ভেতর থেকে রক্ত বের হওয়া দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দম্পতির ঘরের ভেতরের চৌকির ওপর রক্তাক্ত লাশ দুটি উদ্ধার করে। পুলিশ আরও জানায়, গতকাল বুধবার গভীর রাতে ঘরের সিঁদ কেটে কেউ ঘরে ঢুকে তাঁদের দুজনকে জবাই করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে নিহত দম্পতির ছেলে মরম আলী বাদী হয়ে আজ দুপুরে একটি মামলা করেছেন। হত্যাকাণ্ডের কারণ শনাক্ত করে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।