এনটিভিতে আজ রাতে দেখানো হবে নাটক মন্দবিশ্বাস। রচনা ও পরিচালনা করেছেন শুভ্র উজ্জ্বল। নাটকে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। কথা হলো তাঁর সঙ্গে। ‘মন্দবিশ্বাস’ নাটকটি নিয়ে কিছু বলুন।বংশের প্রথম সন্তান পুত্র হলে পিতার মৃত্যু অনিবার্য। বংশ পরম্পরায় তা-ই ঘটে আসছে। এই নাটকে আমার ক্ষেত্রেও এমন আশঙ্কা তৈরি হয়। কুসংস্কার নিয়ে তৈরি এই নাটকের গল্পটি চমৎকার। মাস ছয়েক আগে কাজটি করেছিলাম। একটি দৃশ্যে আমাকে সাপ ছোবল দেবে। কিন্তু আমার সাপভীতির কারণে দৃশ্যটি ধারণ করতে অনেক সময় লেগেছিল। শেষ পর্যন্ত পরিচালক কৌশল খাটিয়ে শটটি নিয়েছিলেন। এটা অবশ্য দর্শক বুঝতে পারবেন না।আজ তো দেশ টিভিতে ‘সীমান্ত’ নাটকটি শেষ হচ্ছে।আজকের পর্বে যথেষ্ট নাটকীয়তা রয়েছে। এখানে বৃষ্টি আর এর মধ্যে মারামারির অনেকগুলো দৃশ্য আছে। এর জন্য কৃত্রিম বৃষ্টির যন্ত্র ব্যবহার করা হয়। আর এমনই বৃষ্টি হলো, পুরো জায়গাটি কাদা হয়ে গিয়েছিল। কেউ ঠিক মতো দাঁড়াতেই পারছিলাম না। বারবার পড়ে যাচ্ছিলাম। আবার এর মধ্যে মারামারি—দৃশ্যগুলো আমি বেশ উপভোগ করেছি।এটিএন বাংলার ‘উপসংহার’ নাটকের কী খবর?এখন আমি এই নাটকের সঙ্গে যুক্ত হয়েছি। সীমান্ত ধারাবাহিকের পরিচালক বদরুল আনাম সৌদ এটি তৈরি করছেন। ওই নাটকের অনেক শিল্পীই এখানে আছেন। আমি মাত্র একদিন কাজ করেছি। ওই দিন আমার খুব তাড়াহুড়ো ছিল। আমার চরিত্রটি হলো একজন ছাত্রনেতা। তার অসম্ভব প্রতাপ।বৈশাখী টিভির ‘এম্পটি পকেট’ নাটকে কোনো টাকা-পয়সা ছাড়া চলতে কেমন লাগছে?আমি আর মিলন একেবারে খালি পকেটে বাড়ি থেকে বের হয়েছি। আমাদের উদ্দেশ্য এই অবস্থা নিয়ে কীভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, তা-ই দেখা। মজার নাটক। শুটিংয়ের সময় এত হাসাহাসি হয় যে চিত্রনাট্য অনুযায়ী শট দিতে যতটা সময় প্রয়োজন, হাসির জন্য তার চেয়ে দ্বিগুণেরও বেশি সময় লেগে যায়। নতুন কোনো ধারাবাহিকে কাজ করছেন?হ্যাঁ, বদরুল আনাম সৌদের একটি প্রতিদিনের ধারাবাহিক। নাম গহীনে। এই নাটকে আমি জলদস্যুর চরিত্রে অভিনয় করছি। সিলেটের তামাবিল সীমান্তের কাছে এক পাহাড়ি এলাকার নদীতে শুক্রবার পর্যন্ত শুটিং করেছি। এখানে আমার মুখটি একেবারেই বিকৃত। বাঘের থাবায় এমনটা হয়েছে। শুটিংয়ের আগে এভাবে সাজতেই অর্ধেক দিন লেগে যায়। বুঝতেই পারছেন, দর্শক এখানে আমাকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন।