বৃষ্টি আর যানজটে নগরবাসীর দুর্ভোগ চরমে
রাজধানীতে অফিসমুখী, ঘরমুখী বা অন্যান্য কাজে বের হওয়া নগরবাসীকে তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে। কয়েক দিনের ছুটির পর ও বৃষ্টির কারণে আজ মঙ্গলবার তীব্র যানজটের সৃষ্টি হয়।নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ বলেছেন, কয়েক দিনের সরকারি ছুটি কাটিয়ে আজ ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা মহানগর। অন্যদিকে টানা বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ছিল হাঁটু পর্যন্ত পানি। এ ছাড়া পানিতে সড়ক উপচে যাওয়ায় কয়েকটি যানবাহন রুট পরিবর্তন করে অন্য রুটে চলাচলের চেষ্টা করেছে। এর মধ্যে কয়েকজন ভিআইপি চলাচলের জন্য রাস্তা ফাঁকা রাখতে হয়েছে। সব মিলিয়ে ঢাকা শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, যানজটের কারণে গতকাল যাত্রীদের গন্তব্যে পৌঁছতে নির্দিষ্ট সময়ের চেয়ে দুই বা আড়াইগুণ সময় বেশ লেগেছে।সাইফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, তিনি কারওয়ান বাজারে একটি অফিসে চাকরি করেন। সেখানে চারটা থেকে তাঁর অফিস। বেলা দুইটায় তিনি অফিসে আসার জন্য একটি বাসে ওঠেন। যেখানে তিনটা বা সাড়ে তিনটার মধ্যে আসার কথা, সেখানে পৌঁছতে সময় লেগেছে সাড়ে পাঁচটা।রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, মিরপুর কাজীপাড়া, শাহবাগ হোটেল রূপসী বাংলা সামনের সড়ক, মৌচাকসহ বিভিন্ন এলাকার সড়কে হাঁটু পর্যন্ত পানি ছিল। এ ছাড়া রাজধানীর মালিবাগ, মহাখালী, মগবাজার, ফার্মগেট, মৌচাক, কারওয়ান বাজার, ফকিরাপুল প্রেসক্লাবের সংলগ্ন সড়ক, শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কজুড়ে ছিল তীব্র যানজট। বিকেলের দিকে ফার্মগেট থেকে আসাদগেট, শাহবাগ থেকে গুলিস্তান ও পল্টন, ফকিরাপুল থেকে আরামবাগসহ বেশ কয়েকটি রুটে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল সারি সারি গাড়ি।