নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আর বাকি সাত দিন। প্রার্থীরা মহা ব্যস্ত শেষ সপ্তাহের প্রচারণায়। তাই বৃষ্টিও যেন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। গতকাল শনিবার বৃষ্টি মাথায় নিয়েই মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা গণসংযোগ করেছেন।মেয়র পদে আলোচিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী কাল প্রচারণা চালান সিদ্ধিরগঞ্জে। তিনি অভিযোগ করেন, তাঁর পক্ষে গণজোয়ার দেখে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। প্রশাসন পক্ষপাতিত্ব করছে। রায় ছিনতাই করার চক্রান্ত চলছে।বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন। তাঁর দাবি, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হচ্ছে না। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমান প্রচারণা চালিয়েছেন বন্দরে। তিনি আইভীর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন।প্রার্থীরা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করলেও নির্বাচন কমিশন বলছে, তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আজ রোববার নারায়ণগঞ্জে আসছেন। তিনি বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর ১২টায় তিনি চাষাঢ়ায় জিয়া হলে প্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।এদিকে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ প্রতিটি এলাকায় আছে। আচরণবিধি লঙ্ঘিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তাঁর দাবি, প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করছে না। বরং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন কাজ করছে।আইভীর পক্ষে জোয়ার: সেলিনা হায়াৎ আইভী কাল সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও আজিবপুর এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি যান। হাঁটতে হাঁটতে ক্লান্ত আইভী কিছু সময়ের জন্য রিকশায় চড়েও প্রচার চালান।এ সময় আইভীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরাম, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজামউদ্দিন, শহর যুবলীগের সভাপতি আহম্মদ আলী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।আইভী সাংবাদিকদের বলেন, ‘আমার পক্ষে গণজোয়ার দেখে প্রতিপক্ষের প্রার্থী এখন আতঙ্কিত। তারা নানা রকম ষড়যন্ত্র করছে। আমার সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে।’সেলিনা হায়াৎ আইভীর অভিযোগ, ‘নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসিরা বিশেষ একজনের জন্য কাজ করছেন। পুলিশ রাতের বেলা আমার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। বিনা কারণে কয়েকজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।’শামীমের প্রচারণা: শামীম ওসমান কাল সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর, গোলাম আসাদ রোড, কদম রসুল রোড ও উইলসন রোড এলাকায় গণসংযোগ করেন। বিকেলে তিনি বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ, ইলিয়াছ শাহ রোড, টি হোসেন রোড, নোয়ার্দ্দা, কাইত্যাখালী, আমিরাবাদ, চৌরাপাড়া এলাকায় গণসংযোগ, উঠোন বৈঠক ও পথসভা করেন।শামীম ওসমানের সঙ্গে ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রমুখ। এ ছাড়া আওয়ামী মহিলা লীগ, ছাত্রলীগ ও নাজমুল আলমের নেতৃত্বে সাতটি দল, যুব মহিলা লীগের ১০টি দল বিভিন্ন এলাকায় প্রচারণা চালায়।বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন শামীম ওসমান। বলেন, ‘গণরায় আমাদের পক্ষে আসবে দেখে অনেকেই আবোল-তাবোল বলতে শুরু করেছে।’ পক্ষপাতের অভিযোগ তৈমুরের: তৈমুর আলম খন্দকার কাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের দেওভোগ, বাবুরাইল, বউবাজার, পাইকপাড়া, ঋষিপাড়ায় গণসংযোগ করেন। বিকেলে তিনি বন্দরের হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।তৈমুর সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পক্ষপাতিত্ব করা হচ্ছে। তাঁকে সমান চোখে দেখা হচ্ছে না। শামীম ওসমানের বিলবোর্ড দেখে না। কিন্তু তাঁর বিলবোর্ড নামিয়ে ফেলছে প্রশাসন।তৈমুর বলেন, ‘গণসংযোগকালে আমি দুপুরে খেতে বসলেও ম্যাজিস্ট্রেট-পুলিশ এসে হাজির হয়। বলে, খাওয়া-দাওয়ার আয়োজন করে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। অথচ অন্যদের ক্ষেত্রে তা করা হয় না। এত কিছুর পরও ৩০ অক্টোবর আমার পক্ষে রায় দেবে জনগণ।’ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সিদ্ধিরগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আলী হোসেন ওরফে আলা মেম্বারকে রঙিন প্রতীক ব্যবহারের কারণে কাল ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।আলা মেম্বার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। মিছিল বের করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পুলিশ নিয়ে সেখানে যান। মিছিলকারীরা পালিয়ে গেলেও রঙিন প্রতীকসহ আলী হোসেনের নির্বাচনী এজেন্ট সুলতান আহম্মদকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে জরিমানার ৩০ হাজার টাকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদ এই রায় দেন। বেলা ১১টায় শহরের বাবুরাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুন মিয়া ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওবায়দুল্লাহকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। তাঁর পক্ষে মিছিল করায় এই জরিমানা করা হয়।তবে ওবায়দুল্লাহ বলেন, ‘আমি মিছিল বের করিনি। বাড়ি থেকে বের হওয়ার সময় আমাকে দেখে কিছু শিশু আমার পক্ষে স্লোগান দেয়।’বিকেল পাঁচটায় ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রচারপত্রে মুদ্রণসংখ্যা ও মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম না পাওয়ায় এই জরিমানা করা হয়।